অবশেষে বাড়ি ফিরে এল ফারহান
কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণীর ছাত্র ফারহান ইকবালের সন্ধান পেয়েছেন তার স্বজনেরা। গত বুধবার স্কুলের উদ্দেশে বাসা থেকে বের হওয়ার পর সে আর বাসায় ফেরেনি। গতকাল বৃহস্পতিবার সকালে সে নিজেই বাসায় উপস্থিত হয়। পরে তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়।ফারহানের বাবা ইকবাল হোসেন বলেন, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গেন্ডারিয়ার বাসা থেকে মাইক্রোবাসযোগে ফারহান স্কুলের উদ্দেশে রওনা দেয়। কিন্তু বিকেলে স্কুল ছুটির পর মাইক্রোবাসের চালক মজিবুর ফোন করে জানায়, ফারহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাতে এ ব্যাপারে তিনি রমনা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ইকবাল বলেন, গতকাল সকাল আটটার দিকে ফারহান একাই বাসায় উপস্থিত হয়। এ সময় তাকে বেশ অসুস্থ দেখাচ্ছিল। স্কুল ব্যাগ ও গায়ে কোনো শার্ট ছিল না। প্যান্ট ছিল ধুলোমাখা। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ইকবাল বলেন, ফারহানের ভাষ্য, সে স্কুলের প্রধান ফটক পার হওয়ার পর কী হয়েছে জানে না। গতকাল ভোরের দিকে সে দেখে, সে টিকাটুলীর ফুটপাতে পড়ে আছে। পরে লোকজনের সাহায্যে সে বাসায় ফিরে যায়। ইকবালের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষের অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে।তবে এমন অভিযোগ অস্বীকার করেছে স্কুল কর্তৃপক্ষ। গতকাল বিকেলে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল আলমগীর হোসেন বলেন, ‘ফারহান স্কুলে ঢোকেনি। পরীক্ষায় খারাপ করায় বাবা-মায়ের মারধরের ভয়ে সে নানার বাড়ি চলে গিয়েছিল বলে বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি। অথচ বুধবার রাতে অভিভাবকপক্ষের লোকজন শিক্ষক-কর্মচারীদের মারধর করে গুরুতর আহত করেছে। গণমাধ্যমেও ভুলভাবে তথ্য উপস্থাপিত হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’ তবে ওই দিন ফারহান তার নানার বাড়িতে যায়নি বলে দাবি করেন ইকবাল হোসেন। রমনা থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ বলেন, ঘটনার তদন্ত চলছে।