ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সেবিকা ও কর্মচারীদের আন্দোলন কর্মসূচি আজ সোমবার থেকে স্থগিত ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার নার্সিং, তৃতীয় ও চতুর্থ শ্রেণী কর্মচারী সম্মিলিত সংগ্রাম পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।সংগ্রাম পরিষদ ঢাকা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণার প্রতিবাদে দুই মাস ধরে হাসপাতালের সেবিকা ও কর্মচারীরা নানা কর্মসূচি পালন করে আসছিলেন। সম্মিলিত সংগ্রাম পরিষদের সদস্যসচিব মো. আবদুল খালেক প্রথম আলোকে বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক আমাদের আশ্বস্ত করেছেন, ঢাকা মেডিকেল কলেজকে আপাতত বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হচ্ছে না। এ কারণে আমরাও কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করছি। তবে সরকার যদি আবারও বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রক্রিয়া শুরু করে, আমরাও আন্দোলন শুরু করব।’ গত শনিবার স্বাস্থ্যমন্ত্রী দ্বিতীয়বার সংগ্রাম পরিষদের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ কাজী দীন মোহাম্মদ, উপাধ্যক্ষ মো. ইসমাইল হোসেন খান ও ঢাকা বিএমএর সাংগঠনিক সম্পাদক এহসানুল কবীর।স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। গত ১৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের একটি ভবন উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা দেন। এর আগে একাধিক বক্তৃতায় স্বাস্থ্যমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের কথা বলেন। চিকিৎসকদের অনেকেই সরকারি এ ঘোষণার বিরুদ্ধে অবস্থান নিলেও স্বাস্থ্যমন্ত্রী এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের পক্ষে সরকারের অবস্থানের কথা জানান।এদিকে বিশ্ববিদ্যালয় হলে চাকরি হারানোর আশঙ্কায় এ বছরের জানুয়ারি থেকে নার্সিং, তৃতীয় ও চতুর্থ শ্রেণী কর্মচারী সম্মিলিত সংগ্রাম পরিষদ আন্দোলন শুরু করে। সরকারের তরফ থেকে একাধিকবার কর্মচারীদের চাকরির সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা হলেও সংগ্রাম পরিষদ আন্দোলন চালিয়ে যেতে থাকে। গত দুই মাসে ১৫ দিন পরিষদের ব্যানারে হাসপাতালের কর্মীরা কর্মবিরতি পালন করেন। কর্মিসংকটে বহির্বিভাগ অচল হয়ে আছে। জরুরি বিভাগেও সেবাকার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়।