চাকরির মেয়াদ শেষ হচ্ছে ডিএমপি কমিশনার শফিকুলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম
ফাইল ছবি

ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলামের চাকরির মেয়াদ শেষ হতে চলেছে। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ সম্পর্কে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ২৯ অক্টোবর ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ র ৪৩ ধারা অনুযায়ী মোহা. শফিকুল ইসলামকে চাকরি থেকে অবসর দেওয়া হলো। ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়, মোহা. শফিকুল ইসলামকে চলতি বছরের ৩০ অক্টোবর থেকে আগামী বছরের ৩১ অক্টোবর পর্যন্ত এক বছরের অবসর ও অবসরোত্তর ছুটি মঞ্জুর করা হয়েছে। তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসরোত্তর ছুটি ভোগ করবেন।

রাষ্ট্রপতির আদেশে এই প্রজ্ঞাপনে সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস।

তবে ঢাকা মহানগর পুলিশের শীর্ষস্থানীয় একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, মোহা. শফিকুল ইসলামকে আরও এক বছরের জন্য ডিএমপি কমিশনার পদে চুক্তিভিত্তিক দেওয়া হতে পারে। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।