সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলসংক্রান্ত সর্বোচ্চ আদালতের রায়কে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী শফিক আহমেদ। তিনি বলেন, অবসরের পর পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষরের নজির দেশে নতুন নয়। ঢাকার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে গতকাল শনিবার জেলা জজদের জন্য আয়োজিত একটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে শফিক আহমেদ এসব কথা বলেন। আইমন্ত্রী বলেন, সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক দায়িত্ব পালনকালে রায়ের সংক্ষিপ্ত আদেশ দিয়েছেন এবং অবসরের পর পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর করেছেন। অবসরের পর পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষরের এমন নজির দেশে আরও আছে। এ বি এম খায়রুল হক আইন ও বিধি অনুযায়ী অবসরের পর রায়ে স্বাক্ষর করেছেন উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, অবসরের পর ত্রয়োদশ সংশোধনীর পূর্ণাঙ্গ রায়ে বিচারকের স্বাক্ষর করাকে কেউ কেউ বিচারিক অসদাচরণ বলছেন। বিচারকদের নিয়ে এ ধরনের বক্তব্য গ্রহণযোগ্য নয়। আর এ ধরনের রায়ে স্বাক্ষর নিয়ে প্রশ্নও তোলা যায় না। বিষয়টি নিন্দনীয়। অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, সংশ্লিষ্ট অন্যান্য আইন ও বিধির আওতায় মামলা নিষ্পত্তিবিষয়ক এই প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত মহাপরিচালক মফিজুল ইসলাম। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক এবং ইনস্টিটিউটের পরিচালক মো. জাকির হোসেন অনুষ্ঠানে বক্তব্য দেন। আইনমন্ত্রী বলেন, ত্রয়োদশ সংশোধনী বাতিল করে সর্বোচ্চ আদালত ঐতিহাসিক রায় দিয়েছেন। সংবিধানের মৌলিক স্তম্ভের বাইরে গিয়ে আইন করা হলে তা বাতিল করার ক্ষমতা সর্বোচ্চ আদালতের আছে। অনেক দেশে এর নজিরও আছে। সংবিধানের অন্যতম মৌলিক স্তম্ভ গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক বিবেচনায় সর্বোচ্চ আদালত ত্রয়োদশ সংশোধনী বাতিল করেছেন।আইনমন্ত্রী বলেন, প্রকৃত মালিকদের কাছে সম্পত্তি ফিরিয়ে দিতে বর্তমান সরকার ২০০১ সালের অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যুগোপযোগী করেছে। আইন ও তথ্যের ভিত্তিতে প্রকৃত মালিকদের কাছে সম্পত্তি ফিরিয়ে দিতে হবে। দীর্ঘদিন ধরে বঞ্চিত জনগণকে ভূমির অধিকার ফিরিয়ে দিতে তিনি জেলা জজদের প্রতি সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।