অবস্থান ধরে রাখতে না পারলেও কারও উদ্বেগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বোর্ডে শীর্ষস্থানীয় স্কুলগুলোর তালিকায় এবার রেসিডেনসিয়াল মডেল কলেজের অবস্থান চতুর্থ। গত বছর স্কুলটি দ্বিতীয় হয়েছিল। পিছিয়ে যাওয়ার বিষয়টি মেনে নিতে পারছেন না স্কুলের অধ্যক্ষ ও শিক্ষকেরা।অধ্যক্ষ মো. কামরুজ্জামান খান বলেন, এ বছরও তাঁর স্কুলের শতভাগ ছাত্র পাস করেছে। ৩৮৩ জন ছাত্রের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৩২ জন। শুধু ছাত্র কম হওয়ায় স্কুলটি পিছিয়ে গেছে। তাঁর স্কুলের চেয়ে এগিয়ে থাকা একটি শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ-৫ পাওয়ার হার তাঁর স্কুলের চেয়ে কম।পিছিয়ে যাওয়া নিয়ে অবশ্য ছাত্র ও অভিভাবকদের কোনো উদ্বেগ নেই। ফল প্রকাশের পর অভিভাবকেরা সন্তানদের অধ্যক্ষের কক্ষে নিয়ে আসেন। শিক্ষকেরা ছাত্রদের অভিনন্দন জানিয়ে মিষ্টি মুখ করান। অভিভাবকেরাও একে অপরকে শুভেচ্ছা জানান। ছাত্রদের উল্লাস ছিল চোখে পড়ার মতো। প্রচণ্ড তাপ উপেক্ষা করে তারা মাঠের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত ছোটাছুটি করে, হাসি-আনন্দ-গানে ভরিয়ে তোলে পুরো স্কুল ক্যাম্পাস।ফাতেমা পারভীন নামের একজন অভিভাবক বলেন, ছেলের ফলে স্কুলের অবদান অনস্বীকার্য। তবে অভিভাবকেরা স্কুলের আসনসংখ্যা আরও বাড়ানোর দাবি জানান। তাঁরা বলেন, অনেকটা জায়গাজুড়ে স্কুলটি গড়ে উঠেছে। নিয়মিত ভালো ফল করছে। কর্তৃপক্ষ চাইলেই এ স্কুলে আরও ছাত্র পড়ার সুযোগ পাবে।