অবিলম্বে নদী কমিশন গঠনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের নদ-নদী পুনরুজ্জীবিত করার সমন্বিত ও সুপরিকল্পিত কর্মকৌশল প্রণয়নের লক্ষ্যে অবিলম্বে নদী কমিশন গঠনের দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা। তাঁরা বলেছেন, আমলাতান্ত্রিক গণ্ডির বাইরে একটি কার্যকর ও জবাবদিহিমূলক নদী কমিশন গঠন করা জরুরি।গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও জন-উদ্যোগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক সেমিনারে ওই দাবি জানানো হয়।সেমিনারে সভাপতিত্ব করেন আহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ের উপাচার্য এম এম সফিউল্লাহ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নদী গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ম. ইনামুল হক। পরিবেশ ও বন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফজলে হোসেন বাদশা, কলামিস্ট কামাল লোহানী, জন-উদ্যোগের সদস্য রশিদ-ই-মাহবুব, পবার চেয়ারম্যান আবু নাসের খান, সম্পাদক সৈয়দ মনোয়ার হোসেন, আইইডির নির্বাহী পরিচালক নুমান আহম্মদ খান, বিআইডব্লিউটিএর সাবেক চেয়ারম্যান আবদুল মালেক মিয়া প্রমুখ বক্তব্য দেন।বক্তারা অদূরদর্শী ও অপরিণামদর্শী নদী ব্যবস্থাপনার কারণে বিপর্যয়ের আশঙ্কা সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন। নদীর মালিকানা কার, সে বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় অনেক প্রতিষ্ঠান ইচ্ছামাফিক নদী ব্যবহার করে। আগে বিশ্বব্যাংক, আইএমএফের পরামর্শে নদী রক্ষা, শহর রক্ষা ইত্যাদি নামে বাঁধ দেওয়াসহ নানা ধ্বংসাত্মক পরিকল্পনা নেওয়া হয়েছে। এখন স্বল্পমেয়াদি পরিকল্পনার মাধ্যমে নদী ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।