২৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডার পদে আবেদনকারীদের নিয়োগের দাবি জানিয়েছেন চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীরা। ২০১০ সালের নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা অনুযায়ী অবিলম্বে এই নিয়োগ চূড়ান্ত করার দাবিতে আন্দোলন কর্মসূচিও ঘোষণা করেন তাঁরা।গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে আগামী ২ অক্টোবর অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন, পরদিন পিএসসির সামনে অবস্থান ধর্মঘট ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন তাঁরা।লিখিত বক্তব্য পাঠ করেন শাহেদ আহম্মেদ চৌধুরী। এতে বলা হয়, ২৮তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের পর বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) দুই হাজার ৯১৫ জনকে নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করে। চূড়ান্তভাবে উত্তীর্ণ দুই হাজার ৭০০ প্রার্থী নন-ক্যাডার পদের জন্য আবেদনও করেন। স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সম্প্রতি সংসদে জানান, ২৫ হাজার ৪৬০টি প্রথম শ্রেণীর শূন্য পদ আছে। কিন্তু পিএসসির চেয়ারম্যান বলছেন, মন্ত্রণালয় ও বিভাগগুলো থেকে চাহিদাপত্র না আসায় সবাইকে নিয়োগ দেওয়া না-ও যেতে পারে।প্রথম শ্রেণীর এত পদ শূন্য থাকা সত্ত্বেও কেন তাঁদের নিয়োগ দেওয়া হবে না—প্রশ্ন করে প্রার্থীরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।