অবিলম্বে যুক্তিসংগত ও গ্রহণযোগ্য রোয়েদাদ ঘোষণার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবিলম্বে সংবাদপত্র ও সংবাদ সংস্থার সাংবাদিক-কর্মচারীদের জন্য যুক্তিসংগত ও গ্রহণযোগ্য রোয়েদাদ ঘোষণা করতে অষ্টম ওয়েজ বোর্ড কর্তৃপক্ষ ও সরকারের প্রতি দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ। গতকাল বৃহস্পতিবার ডিইউজের নির্বাহী পরিষদের সভায় নেতারা এ দাবি জানান। সভায় বলা হয়, বিগত পাঁচ বছরে জ্বালানি তেল, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যে ঊর্ধ্বগতি, একই হারে পরবর্তী পাঁচ বছরের সম্ভাব্য বৃদ্ধি এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যমান ও আসন্ন স্কেলের বিষয়টি বিবেচনায় নিয়ে সাংবাদিক-কর্মচারীদের রোয়েদাদ গঠন করতে হবে। কোনো ধরনের নামমাত্র বেতন বোর্ড রোয়েদাদ এ শিল্পে কর্মরত ব্যক্তিদের কাছে গ্রহণযোগ্য হবে না।সভায় দৈনিক জনকণ্ঠ, ইনকিলাব, জনতা, ইন্ডিপেনডেন্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বেতন বকেয়া পড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তা পরিশোধ করার জন্য মালিকপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। এ ছাড়া অনেক পত্রিকায় অষ্টম ওয়েজ বোর্ড ঘোষিত মহার্ঘ ভাতা বাস্তবায়ন না করায় সরকারের হস্তক্ষেপ দাবি করা হয়।ডিইউজের একাংশের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে সভায় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।