অবিলম্বে সফটওয়্যার পার্ক প্রতিষ্ঠার দাবি বেসিসের
ঢাকার জনতা টাওয়ার ভবনে অবিলম্বে সফটওয়্যার টেকনোলজি পার্ক (এসটিপি) প্রতিষ্ঠার দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিসেবা (আইটিইএস) খাতের প্রতিনিধিত্বকারী সংগঠন বেসিস গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায়।কারওয়ান বাজারের জনতা টাওয়ার প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে বেসিসের নেতারা উদ্বেগ প্রকাশ করে বলেন, সফটওয়্যার টেকনোলজি পার্ক প্রতিষ্ঠার পরিকল্পনা বাস্তবায়নের দ্বারপ্রান্তে এসে অনিশ্চয়তায় পড়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বেসিসের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়, জনতা টাওয়ারে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের কার্যালয়সহ একাধিক সরকারি কার্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে দাবি করা হয়, এ ব্যাপারে আইসিটি মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে একটি সারসংক্ষেপ পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে আইসিটি সচিব মো. রফিকুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমি কয়েক দিন ছুটিতে ছিলাম। ওই সময় দায়িত্বে ছিলেন অতিরিক্ত সচিব। তাঁর সঙ্গে কথা বলে জানাব।’ পরে আইসিটি সচিব বলেন, এ রকম কোনো সারসংক্ষেপের ব্যাপারে তাঁদের কিছু জানা নেই। মন্ত্রণালয় থেকে এমন কোনো কিছু প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়নি। জনতা টাওয়ারে এখন তিনটি প্রতিষ্ঠানের নামফলক দেখা যাচ্ছে। এগুলো হলো: সফটওয়্যার টেকনোলজি পার্ক (প্রস্তাবিত) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন চেয়ারম্যানের কার্যালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে বেসিস উল্লেখ করেছে, গত ১৬ ফেব্রুয়ারি আইসিটি মন্ত্রী মো. আবুল হোসেন জনতা টাওয়ার পরিদর্শন করে সফটওয়্যার পার্কের সব কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করার নির্দেশ দেন। ২২ ফেব্রুয়ারি বেসিসের সফটওয়্যার মেলা উদ্বোধন করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও ছয় মাসের মধ্যে এসটিপি চালু করা হবে বলে জানান। আইসিটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটের প্রস্তাবিত প্রকল্প অংশে দেখা যায় ‘কারওয়ান বাজারস্থ জনতা টাওয়ারকে সফটওয়্যার টেকনোলজি পার্কে রূপান্তর’ প্রকল্পের জন্য ৮৬ কোটি ৭৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। মেয়াদ ধরা হয়েছে ২০১১ সালের জুলাই থেকে ২০১২ সালের জুন মাস পর্যন্ত।