অবৈধ দখলদারদের হাত থেকে একটি খাল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্রপুর মৌজায় দখল হয়ে যাওয়া একটি খাল উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রামচন্দ্রপুর মৌজার বিলুপ্ত খালটি চিহ্নিত করে খননের নির্দেশ দেন। এ সময় ম্যাজিস্ট্রেট দখলদার মনির হাসানের ভরাট করা বালু ও বালুর ঢিবিসহ ২০ লক্ষাধিক টাকার বালু ও ড্রেজার বাজেয়াপ্ত করে নিলাম করার নির্দেশ দেন। ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম হোসেনের নেতৃত্বে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), স্থানীয় ধানমন্ডি সার্কেলের ভূমি কর্মকর্তা, মোহাম্মদপুর থানার পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় একটি প্রভাবশালী মহল তুরাগ নদের সঙ্গে যুক্ত এই খালে বালু ফেলে দখলের পর সেখানে রাস্তা ও প্লট নির্মাণ করে। তুরাগ নদের তীর এমনকি নদও দখলদারদের হাত থেকে রেহাই পায়নি। অভিযানে ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট ব্যক্তিরা রামচন্দ্রপুর মৌজায় তুরাগের তীরের ১৫০ ফুট দখল করে নির্মাণ করা সব অবৈধ স্থায়ী স্থাপনা চিহ্নিত করেন। এ সময় দেখা যায়, দুই সেনা কর্মকর্তা তুরাগ নদ ঘেঁষে পাকা ভবন নির্মাণ করছেন। একটি সাইনবোর্ডে সেনা কর্মকর্তাদের নাম ও মুঠোফোনের নম্বরও লেখা রয়েছে। সাইনবোর্ডে কর্নেল মঈন ও ক্যাপ্টেন মাহমুদ এবং তাঁদের বাবা নুর আহমেদ মিয়ার নাম লেখা আছে। দুই সেনা কর্মকর্তার সংশ্লিষ্ট নম্বরে যোগাযোগ করা হলে বুলবুল নামের একজন ফোন ধরেন। তিনি বলেন, সাইনবোর্ডে লেখা সেনা কর্মকর্তারা তাঁর বড় ভাই। তাঁরা জায়গাটি পিসি কালচার হাউজিং সোসাইটির কাছ থেকে কিনেছেন। প্রতিষ্ঠানটি যেভাবে জায়গা চিহ্নিত করে দিয়েছে, সেভাবেই তাঁরা স্থাপনা নির্মাণ করছেন। নদের মধ্যে যদি জায়গা পড়ে যায়, তাহলে তাঁরা এটি এমনিতেই সরিয়ে নেবেন। এই স্থাপনার পাশেই মালি ইশতিয়া নামের এক ব্যক্তির স্থাপনাও নদ ঘেঁষে গড়ে তোলা হচ্ছে। ম্যাজিস্ট্রেটের নির্দেশে নদ তীরে তাঁর স্থাপনার বর্ধিতাংশও ভেঙে ফেলা হয়। এ ব্যাপারে মালি ইশতিয়া প্রথম আলোকে বলেন, ‘এখানে পিসি কালচার থেকে জমি কিনে তুরাগ প্রকল্প-১ বাস্তবায়ন করা হচ্ছে। এতে ১৮৫ জনের প্লট রয়েছে।’ তবে নদের তীরে স্থাপনা নির্মাণের বিষয়ে আইন সম্পর্কে তাঁদের ধারণা নেই। এ ছাড়া এর আগে কেউ কখনো নদের তীরে এমন কোনো অভিযান চালায়নি। তাই বিষয়টি তাঁদের জানা নেই। কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে তুরাগের তীরের এই রামচন্দ্রপুর মৌজায় সেনা কর্মকর্তা, সচিবালয়ে কর্মরত কর্মকর্তাসহ স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের নদের তীর দখল করে স্থাপনা নির্মাণের দৃশ্য দেখতে পায়। অভিযানের শুরুতেই বিআইডব্লিউটিএ নদের তীরে আবদুল মোনেমের অবৈধ স্থাপনা ভাঙার ও কনকর্ডের নির্মাণসামগ্রী বাজেয়াপ্ত করার নির্দেশ দেন। ম্যাজিস্ট্রেট সেলিম হোসেন প্রথম আলোকে বলেন, যতক্ষণ পর্যন্ত নদ দখলমুক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত এই অভিযান চলবে।