আবদুল্লাহপুর-আঁটিপাড়া সড়ক
অবৈধ দোকান বসিয়ে চাঁদাবাজি
১২০টি দোকান থেকে মাসে ওঠে ১৮ লাখ টাকার চাঁদা। ভাগ যায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগ নেতাদের পকেটে।
সড়কের দুই পাশে বসানো হয়েছে শতাধিক অবৈধ দোকান। আকার ও ব্যবসার ধরনভেদে ছোট-বড় এসব দোকানমালিকদের কাছ থেকে প্রতিদিন ৩০০ থেকে ৯০০ টাকা পর্যন্ত চাঁদা নেওয়া হচ্ছে। মাসে আদায় করা মোট চাঁদার পরিমাণ প্রায় ১৮ লাখ টাকা।
অভিযোগ রয়েছে, দোকানে চাঁদা আদায় করেন লাইনম্যান জাকির। তিনি উত্তরা পূর্ব থানা শ্রমিক লীগের সহসভাপতি। আর নেপথ্যে থেকে পুরো চাঁদাবাজির বিষয়টি নিয়ন্ত্রণ করছেন উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম ওরফে মুক্তা। শ্রমিক লীগ নেতা জাকির তাঁর অনুসারী।
গত শুক্রবার দুপুরে সরেজমিনে জাকিরকে পাওয়া যায়নি। পরে দোকানিদের কাছ থেকে মুঠোফোন নম্বর সংগ্রহ করে যোগাযোগ করা হলে চাঁদাবাজির অভিযোগ নিয়ে তিনি কোনো বক্তব্য দেননি। তিনি এই প্রতিবেদককে চায়ের নিমন্ত্রণ জানিয়ে বলেন, ‘আমরা কী করি না করি এগুলো আপনাকে কে বলছে? অনেকে মিথ্যা বলতে পারে। আপনি আগামীকাল আসেন। সাক্ষাতে বসে আপনার সঙ্গে কথা বলব।’ এর পরে তিনি মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
সরেজমিনে দেখা যায়, আবদুল্লাহপুর থেকে সিকদার বাড়ি সরকারি কর্মকর্তা আবাসিক এলাকা জামে মসজিদ পর্যন্ত আবদুল্লাপুর-আঁটিপাড়া সড়কের মাত্র ৩০০ মিটার অংশে দোকান আছে প্রায় ১২০টি। সব কটিই অস্থায়ী, বাঁশ কিংবা কাঠের তৈরি। কোনোটির ছাউনি টিনের, কোনোটিতে আবার পলিথিন কিংবা ত্রিপলের।
সড়কটি দিয়ে নিয়মিত চলাচলকারী দক্ষিণখানের বাসিন্দাদের অভিযোগ, হাঁটার জায়গা দখলের পাশাপাশি দোকানিরা সড়কেও মালাপত্র রাখছেন। অন্যদিকে ক্রেতারাও কেনাকাটা করছেন সড়কে দাঁড়িয়ে। ফলে পথচারীদের হাঁটতে হচ্ছে সড়কে নেমে। এতে একদিকে দুর্ঘটনার ঝুঁকি ও সড়কে যানজট হচ্ছে।
দক্ষিণখানের ফায়দাবাদ এলাকার বাসিন্দা মোজাহিদ খান। উত্তরা ৫ নম্বর সেক্টরে তাঁর বায়িং হাউসের ব্যবসা। তিনি প্রথম আলোকে বলেন, দোকানগুলোর কারণে ওই স্থানে সকাল ও বিকেলে মানুষের এত ভিড় হয় যে সবাইকে সড়কে নেমে হাঁটতে হয়। দুই পাশ খালি থাকলে লোকজন অন্তত সেখান দিয়ে হেঁটে চলাচল করতে পারত। ওই সড়কের যানজটের প্রভাব মূল সড়কেও পড়ে বলে তিনি জানান।
সরেজমিনে দেখা যায়, সড়কের উত্তর পাশে দোকান আছে ৬৬টি। দক্ষিণ পাশে আছে ৫৪টি। এখানে ফলমূল, সবজি ও মুদির দোকান, খাবার হোটেল, মুরগি ও মাংস বিক্রির দোকান রয়েছে। এ ছাড়া ওষুধ, জামাকাপড়, পুরোনো আসবাব, ইট–বালু ও ভাঙারি পণ্যের দোকান আছে।
একটি খাবার হোটেলের মালিক মো. জয়নাল আবেদিন প্রথম আলোকে বলেন, লাইনম্যান জাকিরের কাছে দৈনিক ৯০০ টাকা চাঁদা দিতে হয়। চাঁদা দেওয়া বন্ধ করলে ব্যবসাও বন্ধ। এ ছাড়া পানির ব্যবহারের বিল বাবদ প্রতিদিন আরও ৩০০ টাকা দিতে হয়।
দোকানগুলোর কারণে ওই স্থানে সকাল ও বিকেলে মানুষের এত ভিড় হয় যে সবাইকে সড়কে নেমে হাঁটতে হয়। দুই পাশ খালি থাকলে লোকজন অন্তত সেখান দিয়ে হেঁটে চলাচল করতে পারত। ওই সড়কের যানজটের প্রভাব মূল সড়কেও পড়ে বলে তিনি জানান।মোজাহিদ খান
জয়নালের খাবার হোটেলের চেয়ে আকারে কিছুটা ছোট ‘নরসিংদী মায়ের দোয়া হোটেল’ নামের একটি খাবার হোটেলের। হোটেলটি ছোট, এ কারণে চাঁদার পরিমাণও কিছুটা কম। মালিক মো. ফারুক প্রথম আলোকে বললেন, দৈনিক ৫৮০ টাকা চাঁদা দিতে হয়। পানির জন্য দিতে হয় ২৫০ টাকা।
একাধিক দোকানির সঙ্গে কথা বলে জানা যায়, এখানকার কিছু দোকান সকালে খোলা হয়। এসব দোকান থেকে খোলার পরপরই চাঁদার টাকা নেওয়া হয়। জাকির নিজে দোকানে দোকানে গিয়ে এই চাঁদা আদায় করেন। দুপুরের দিকে বাসায় চলে যান জাকির। পরে বিকেলের দিকে এসে আবার চাঁদা আদায় শুরু হয়। যাঁরা দুপুরের পরে দোকান খোলেন, তাঁদের চাঁদা বিকেলে ও সন্ধ্যায় নেওয়া হয়।
হিসাব করে দেখা যায়, সড়কের দুই পাশে বড়-ছোট সব মিলিয়ে ১২০টি দোকান আছে। তবে প্রতিদিন প্রায় ১৫-২০টির মতো দোকান বন্ধ থাকে বলে জানান দোকানিরা। তবে দোকান খুললেই মালিকদের গড়ে প্রতিদিন ৬০০ টাকা চাঁদা দিতে হয়। এই হিসাবে ১০০টি দোকান থেকে দৈনিক গড়ে ৬০ হাজার টাকা চাঁদাবাজি হয়। মাসে চাঁদা উঠে ১৮ লাখ টাকা।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের স্থানীয় এক নেতা প্রথম আলোকে বলেন, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগসহ দলের স্থানীয় সব নেতা-কর্মী চাঁদার ভাগ পায়। প্রশাসনের কাছের চাঁদার একটি ভাগ যায়। তবে কে কেত ভাগ পায়—এ বিষয়ে স্পষ্ট করে তিনি বলতে চাননি।
অভিযোগের বিষয়ে জানতে উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল আলমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। খুদে বার্তা পাঠানো হলেও তিনি কোনো উত্তর দেননি।