অবৈধ বিলবোর্ড উচ্ছেদে হাইকোর্টের রায়
রাজধানীর বিভিন্ন বাড়ির ছাদে স্থাপিত বিলবোর্ডগুলো অপসারণ নিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নোটিশের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করেছেন আদালত। এতে অবৈধ বিলবোর্ড অপসারণ ও উচ্ছেদে বাধা থাকছে না। গতকাল বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি দেলোয়ার হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।আদালত অবৈধ বিলবোর্ড উচ্ছেদযোগ্য অভিমত দিয়ে তা উচ্ছেদ করতে যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি এ নিয়ে করা রিটটি খারিজ (রুল ডিসচার্জ) করে দিয়েছেন আদালত।রায় প্রসঙ্গে রাজউকের আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, গত ২২ মার্চ একটি জনস্বার্থ রিটের পরিপ্রেক্ষিতে অবৈধ বিলবোর্ডগুলো অবিলম্বে অপসারণ করতে ঢাকা সিটি করপোরেশনকে নির্দেশ দেন হাইকোর্ট। তবে ইতিপূর্বে এ ক্ষেত্রে আদালতের স্থগিতাদেশ থাকায় ওই নির্দেশনা বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। রাজধানীর বিভিন্ন বাড়ির ছাদে অবৈধ বিলবোর্ড অপসারণে এক ধরনের স্থবিরতা সৃষ্টি হয়। গতকাল রিটটি খারিজ করে ও স্থগিতাদেশ প্রত্যাহার করে রায় দেওয়ার ফলে এখন সব অবৈধ বিলবোর্ড অপসারণ ও উচ্ছেদে বাধা থাকছে না।২০০৭ সালের ৮ সেপ্টেম্বর ঢাকা শহরের বিভিন্ন রাড়ির ছাদে স্থাপিত বিলবোর্ড অপসারণের অনুরোধ জানিয়ে পত্রিকায় নোটিশ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে বিজ্ঞাপনী সংস্থার মালিক সমিতির তত্কালীন সভাপতি রফিকুল ইসলাম হাইকোর্টে একটি রিট দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে ওই বছরের ১৬ অক্টোবর আদালত ওই নোটিশ বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত ও রুল জারি করেন। গতকাল এ রুলের ওপর শুনানি শেষে আদালত তা খারিজ করে রায় দেন।আদালতে সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, রাজউকের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ এবং রিট আবেদনকারী পক্ষে আইনজীবী ইমতিয়াজ মাহমুদ মামলা পরিচালনা করেন।গতকালের শুনানিতে রাজউকের আইনজীবী বলেন, রাজউকের নোটিশটি দেওয়া হয়েছিল নিয়মবহির্ভূতভাবে বিলবোর্ড স্থাপন করে জনগণের নিরাপত্তা বিঘ্ন করা থেকে বিরত থাকার জন্য। নোটিশে সর্তকীকরণ করা হয়েছে মাত্র, যার দ্বারা দরখাস্তকারী পক্ষ কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হননি। অন্যদিকে রিট আবেদনকারী পক্ষের কৌঁসুলি বলেন, নোটিশ প্রকাশের মাধ্যমে বাদীর অধিকার ক্ষুণ্ন হয়েছে।ডিসিসির হিসাব অনুযায়ী, ঢাকা শহরে অন্তত আড়াই হাজার অবৈধ বিলবোর্ড আছে। অনুমোদনহীন এসব বিলবোর্ডের কারণে নগরে যেমন সৌন্দর্যহানি হচ্ছে, তেমনি নিরাপত্তাঝুঁকিতে আছে সাধারণ মানুষ। কারণ, সামান্য ঝড়-বাতাসেই এগুলো ভেঙে পড়ে। গত ১৫ মার্চ বিলবোর্ডে চাপা পড়ে গুলশানে দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় গুলশান থানায় একটি মামলাও হয়েছে।