অবৈধ বিলবোর্ড হটাতে আজ অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেদের একশ্রেণীর কর্মকর্তার অনিয়মসহ বিভিন্ন কারণে বিলবোর্ড ও বিজ্ঞাপন খাতে বড় অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। অথচ ভালো জায়গায় বিলবোর্ড বসাতে দেওয়ার জন্য জোরালো তদবিরসহ একের পর এক আবেদন পড়ছে ডিসিসির কাছে। এই প্রেক্ষাপটে আজ বৃহস্পতিবার রাতে ডিসিসি অবৈধ বিলবোর্ড-সাইনবোর্ডবিরোধী অভিযানে নামছে।খোদ ডিসিসির দায়িত্বশীল সূত্র থেকে অভিযোগ পাওয়া গেছে, সংস্থাটিরই কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে অবৈধ বিলবোর্ড বসছে। বিলবোর্ডের বিষয়টি দেখভালের দায়িত্বপ্রাপ্ত ডিসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান কর্মকর্তা বিপন কুমার সাহা এ বিষয়ে প্রথম আলোকে বলেন, রাজধানীতে বৈধ অপেক্ষা অবৈধ বিলবোর্ডের সংখ্যা অনেক বেশি। বর্তমানে ঢাকায় প্রায় দুই হাজার অবৈধ বিলবোর্ড রয়েছে, যেগুলোর উচ্ছেদ জরুরি হয়ে পড়েছে। কারণ এগুলো একদিকে ঝুঁকি বাড়ায় ও নগরের সৌন্দর্য নষ্ট করে, অন্যদিকে এগুলো সরালে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে বৈধ বিলবোর্ড স্থাপন ও রাজস্ব বাড়ানো সম্ভব।প্রচুর আবেদন ও তদবির: বিজ্ঞাপনের অনুমতি দেওয়া হয়নি—ঢাকায় এমন ফুটওভারব্রিজের সংখ্যা ১১টি। নগরে ৫০টি ফুটওভারব্রিজ রয়েছে। ১১টির জন্য এ মুহূর্তে আবেদনকারী প্রতিষ্ঠান রয়েছে ৪৭টি। আর এসব প্রতিষ্ঠানকে বিজ্ঞাপন স্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য তদবির আছে মন্ত্রী-সাংসদসহ অনেক প্রভাবশালী ব্যক্তির। কিছু প্রতিষ্ঠান কোনো অনুমতি নেওয়া ছাড়াই বিভিন্ন ওভারব্রিজ দখল করেছে। বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান কর্মকর্তা বলেন, তদবির এলেও অনিয়ম করে কাউকে বরাদ্দ দেওয়া হবে না। দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে বৈঠক করা হবে। আয়ে অসঙ্গতি: দায়িত্বশীল সূত্রমতে, ডিসিসিরই কিছু কর্মকর্তার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে সংস্থাটি। বিভিন্ন সময়ের আয়ের হিসাব থেকে তার প্রমাণ মিলেছে। নগর পরিকল্পনা বিভাগের অধীনে থাকার সময় ২০০৯-১০ (এপ্রিল পর্যন্ত) অর্থবছরে বিলবোর্ডসহ বিজ্ঞাপন খাতে ডিসিসির আয় হয় তিন কোটি ৮১ লাখ টাকা। ২০১০ সালের ৫ মে এই খাতটিকে নেওয়া হয় বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের অধীনে। সে বছরের ৩০ জুন পর্যন্ত দুই মাসেরও কম সময়ে এই খাতে আয় হয় দুই কোটি ৫৮ লাখ ৭৩ হাজার টাকা। ওই সময়ে অবৈধ বিলবোর্ডবিরোধী অভিযানই এ সাফল্যের পেছনে ভূমিকা রেখেছে বলে মনে করা হয়। বিলবোর্ডের আগ্রাসন ও ঝুঁকি: রাজধানীর এমন কোনো জায়গা নেই, যেখানে অবৈধ বিলবোর্ড-সাইনবোর্ডের আগ্রাসন নেই। গুরুত্বপূর্ণ সড়ক ছাড়া অলিগলি, বাড়ির ছাদ, বিভিন্ন প্রতিষ্ঠান ভবনের সামনে, এমনকি সড়কদ্বীপ বা বিভাজকও বিলবোর্ড-সাইনবোর্ডের দখলে।গত বছরের মার্চে কালবৈশাখীতে গুলশান শপিং সেন্টারের ছাদ থেকে একটি বিলবোর্ড পড়ে দুজন নিহত হন। ২০০৫ সালে কুড়িল বিশ্বরোড এলাকায় বিলবোর্ড ভেঙে জিপের ওপর পড়লে মারা যান যাত্রী। এ ছাড়া আহত হওয়ার ঘটনা আছে অনেক।