অবৈধ ব্যবসার ভাগ নিতে গিয়ে খুন হয় তিন তরুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নামা শ্যামপুর এলাকায় তিন তরুণ খুন হওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অবৈধ ব্যবসার ভাগ চাইতে গিয়ে ওই তিন তরুণ খুন হয়েছে বলে গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন। গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি হলেন হাবিবুর রহমান ওরফে হারুন মাঝি (৫২) ও মো. জাহাঙ্গীর (৪৫)।গত ৭ মার্চ কদমতলী থানার নামা শ্যামপুরের একটি নর্দমার পাশ থেকে তিনজন তরুণের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। তারা হলো মো. জনি (২২), বাবু (২১) ও হাসান নাবিল (১৭)। তাদের মধ্যে জনি ও বাবু এলাকার উঠতি সন্ত্রাসী আর হাসান নাবিল তাদের বন্ধু ছিল। ওই দুজনের সঙ্গে হাসান নাবিল ঘটনার শিকার হয় বলে পুলিশ জানায়। গতকাল বৃহস্পতিবার ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তার হওয়া হারুন মাঝি ও মো. জাহাঙ্গীরকে হাজির করা হয়। ডিবির উপকমিশনার (দক্ষিণ) মনিরুল ইসলাম জানান, প্রায় দেড় মাস তদন্তের পর ডিবির সহকারী কমিশনার আবদুল আহাদের নেতৃত্বে একটি দল গত ১৭ মার্চ বরিশালের মেহেন্দীগঞ্জ থেকে হারুন মাঝিকে গ্রেপ্তার করে। পরে হারুন মাঝির দেওয়া তথ্য অনুযায়ী গ্রেপ্তার করা হয় জাহাঙ্গীরকে। এ খুনের সঙ্গে ছয়জন জড়িত। অন্যদের খোঁজা হচ্ছে।খুনের কারণ সম্পর্কে উপকমিশনার বলেন, এলাকার অবৈধ নারী ব্যবসাকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটে। জাহাঙ্গীরসহ কয়েকজন লোক এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে যৌনকর্মীদের দিয়ে ব্যবসা গড়ে তোলে। জনি ও বাবু দুই ভাই এলাকার উঠতি সন্ত্রাসী হিসেবে তাদের কাছে ওই ব্যবসার টাকার ভাগ চান। জনি ও বাবু বিভিন্ন সময় ওই যৌনকর্মীদের কাছ থেকে টাকা-পয়সা নিতে শুরু করেন। এতে জাহাঙ্গীর ও তাঁর সঙ্গীরা ক্ষিপ্ত হয়ে তাঁদের দুজনকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। তারা স্থানীয় নিরাপত্তাকর্মীকে দিয়ে ডেকে এনে জনি ও বাবুর হাত-মুখ বেঁধে গলা কেটে খুন করে। গ্রেপ্তার হওয়া জাহাঙ্গীর দাবি করেন, জনি ও বাবুর উৎপাতে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছিল। এ জন্য তাঁরা সভা করে তাঁদের মারার পরিকল্পনা করেন। জাহাঙ্গীর সাংবাদিকদের বলেন, জনি-বাবুদের দলনেতা স্থানীয় সন্ত্রাসী শাহীন ওরফে বড়মিয়া ক্রসফায়ারে নিহত হলে গত এক-দেড় বছর তাঁদের উৎপাত কমে যায়। কিন্তু কিছুদিন পরই তাঁরা আবার তৎপরতা শুরু করেন।