অবৈধ ভিওআইপি সামগ্রী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুয়া অনুমোদনের কাগজ দেখিয়ে আমদানি করা ভিওআইপি সামগ্রী আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গতকাল সোমবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো গুদামের এয়ারফ্রেইট থেকে এগুলো আটক করা হয়।

আটক করা পণ্যের মধ্যে আছে রাওটার, কানেকটিং সুইচ, মডিউল ও অ্যাকসেস পয়েন্ট। শুল্ক ও গোয়েন্দা কর্তৃপক্ষের দাবি, এগুলোর মূল্য আনুমানিক দুই কোটি টাকা। কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) অনুমোদনের কথা বলে এগুলো আমদানি করা হয়েছে। কিন্তু অনুমোদনের যে কাগজ আমদানিকারকেরা দেখিয়েছে তা বিটিআরসির নয়। জাল করে এই অনুমোদনের কাগজ তৈরি করা হয়েছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে বলেন, সিঙ্গাপুর থেকে ১ অক্টোবর এগুলো বাংলাদেশে আসে। আমদানিকারক মেট্রো নেট বিডি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান এগুলো আমদানি করে। কার্গো ফ্রেড দিয়ে বের করে নেওয়ার সময় এগুলো আটক করা হয়। একটি বক্সের ভেতর এসব ভিওআইপি সামগ্রী রাখা ছিল।

কর্তৃপক্ষ জানিয়েছে, এগুলোর বাজারমূল্য দুই কোটি টাকা হলেও আমদানিকারকেরা শুল্ক ফাঁকি দিতে দাম ২৫ লাখ টাকা দেখিয়েছে। তা ছাড়া এই যন্ত্রপাতি দিয়ে কথা বললে বোঝা যায় না কলটি কোথা থেকে এসেছে।

মহাপরিচালক বলেছেন, এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।