
লালমাটিয়া নিউ কলোনি ক্রীড়া চক্র মাঠটি এখনো দখলমুক্ত হয়নি। গত জুলাই মাস থেকে ‘তাঁতবস্ত্র ও হস্তশিল্প মেলা’ মেলার নামে মাঠটি দখল করে রাখা হয়েছে। মেলা বন্ধে গৃহায়ণ কর্তৃপক্ষ, পুলিশ—কারও কোনো উদ্যোগ নেই।
আসাদগেটে আড়ংয়ের পাশের রাস্তা ধরে পশ্চিম দিকে এগোলেই হাতের ডানে এই মাঠ। মাঠটির মালিক জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার সেখানে গিয়ে দেখা গেছে, মাঠের মাঝখানে চলছে ‘তাঁতবস্ত্র ও হস্তশিল্প মেলা’।
‘খেলার মাঠে টাকা কামানোর আয়োজন!’ শিরোনামে গত ৯ আগস্ট প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের বলেন, খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০ অনুযায়ী গৃহায়ণ কর্তৃপক্ষ মেলা আয়োজনের জন্য কাউকে মাঠ ব্যবহারের অনুমতি দিতে পারে না। আর অনুমোদিত সময়ের পরেও এখনো মেলা চলতে থাকা চরম অন্যায়। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন, এলাকার সবচেয়ে বড় ও আকর্ষণীয় মাঠ ছিল লালমাটিয়া নিউ কলোনি ক্রীড়া চক্র মাঠ। মাঠে কিশোর-তরুণেরা নিয়মিত খেলাধুলার পাশাপাশি বয়োজ্যেষ্ঠরা মাঠের চারপাশ ধরে নিয়মিত হাঁটাহাঁটি করতেন।
জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, নারী উদ্যোক্তাদের উৎপাদিত জামদানি, তাঁতবস্ত্র ও হস্তশিল্প নিয়ে কল্যাণপুরের মেসার্স চৌধুরী ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান এই মাঠে মেলা আয়োজনের অনুমতি চেয়ে আবেদন করে। গৃহায়ণ কর্তৃপক্ষ গত ১৫ থেকে ৩০ জুলাই পর্যন্ত মেলা আয়োজনের অনুমতি দেয়।
জানতে চাইলে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী (বিভাগ-২, মোহাম্মদপুর অঞ্চল) মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ১৫-৩০ জুলাই পর্যন্ত অনুমতি থাকলেও সেই সময়ে মেলা হয়নি। ৩০ জুলাইয়ের পর মেলা শুরু হয়েছে। অনুমোদিত সময়ের পর মাঠে কীভাবে মেলা চলছে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা অবৈধভাবে করা হয়েছে। সাত দিনের মধ্যে মেলা বন্ধ করে মাঠ খালি করতে আয়োজক প্রতিষ্ঠানকে গত বুধবার নোটিশ দেওয়া হয়েছে।’ ৩০ জুলাইয়ের পর কেন এই নোটিশ দেওয়া হয়নি জানতে চাইলে তিনি বলেন, ‘আরও আগেই দেওয়া উচিত ছিল।’
মেলা বন্ধে সাত দিন সময় দেওয়ার কারণ সম্পর্কে মোয়াজ্জেম হোসেন বলেন, দোকানপাট সরানোর জন্য এ সময় দেওয়া হয়েছে। তবে এই সময়ক্ষেপণের মাধ্যমে আয়োজকদের মেলা চালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে বলে মনে করেন স্থানীয় ব্যক্তিরা। কারণ, আয়োজকেরা বলছেন, ১৬ সেপ্টেম্বর মেলা শেষ হবে। আর গৃহায়ণ কর্তৃপক্ষ যে সাত দিনের সময় দিয়ে নোটিশ করেছে, তার সময়সীমা ১৪ সেপ্টেম্বর।
তবে মেলার আয়োজকদের একজন চৌধুরী ঝন্টু বলেন, গৃহায়ণ কর্তৃপক্ষ থেকে কোনো নোটিশ তিনি পাননি। আগামী রোববার মেলা এমনিতেই শেষ হবে।
নিয়ম অনুযায়ী রাজধানীর যেকোনো এলাকায় মেলা আয়োজন করতে পুলিশের অনুমতি নিতে হয়। কিন্তু এই মেলা আয়োজনের ক্ষেত্রে পুলিশের কোনো অনুমতি নেওয়া হয়নি বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দীন মীর। তিনি বলেন, ঈদের আগে মেলার কিছু দোকান উচ্ছেদ করা হয়েছিল এবং অন্যগুলো আয়োজকদের উচ্ছেদ করতে বলা হয়েছিল। এখনো মেলা চলছে—এমন তথ্য তাঁর কাছে নেই উল্লেখ করে তিনি বলেন, আবার মেলা শুরু হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।