বুড়িগঙ্গা নদী ও তীরের জায়গা দখল করে তৈরি অবৈধ স্থাপনার বিরুদ্ধে আজ মঙ্গলবার অভিযান শুরু হবে। কেরানীগঞ্জের নবাবচর এলাকায় আজ সকালে এই অভিযান পরিচালিত হবে। সেখানে ৬০টির মতো পাকা স্থাপনা এবং শতাধিক টংঘর রয়েছে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী রাজধানীর চারপাশের নদীর দখলদার তালিকা ধরে এই অভিযান শুরু করা হবে।ঢাকা জেলা প্রশাসন ও অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) যৌথভাবে এই অভিযান পরিচালনা করবে। জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ সূত্র জানিয়েছে, আজকের পর পর্যায়ক্রমে বুড়িগঙ্গার তীরের লালবাগ, ওয়াসপুর, হাসনাবাদ, নবাবগঞ্জ হাজারীবাগসহ অন্য এলাকাগুলোর অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হবে। বুড়িগঙ্গা ছাড়াও ঢাকা জেলা প্রশাসনের তালিকার ভিত্তিতে তুরাগ, শীতলক্ষ্যা, বালু নদী ও ধলেশ্বরী নদীর আংশিক এলাকার নদীর উভয় তীরের অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান চলবে। আগামী নভেম্বর পর্যন্ত এই অভিযান চলবে বলে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ সূত্র জানিয়েছে।ঢাকা জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ গত বছরের ৩ জুন টঙ্গী ও মিরপুরে তুরাগ এবং নারায়ণগঞ্জ সদর ও কাঁচপুরে শীতলক্ষ্যা নদীর তীরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান চালায়। সে সময় তুরাগ নদীর তীরের ১২৩টি ও শীতলক্ষ্যা তীরের ১২০টি স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে নদীর দখল হওয়া সব জায়গা উদ্ধার না করেই অভিযান শেষ হয়। উচ্ছেদ অভিযানের পর যেসব জায়গা উদ্ধার করা হয়েছিল সেগুলোরও অনেক অংশে আবার স্থাপনা গড়ে ওঠে।