অবৈধ হোটেল ও রেস্তোরাঁ শিগগিরই উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশান, বনানী ও বারিধারা আবাসিক এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা হোটেল-রেস্তোরাঁ উচ্ছেদে শিগগিরই অভিযান শুরু হবে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। তবে স্কুল-কলেজ ও হাসপাতালগুলো সরিয়ে নিতে কর্তৃপক্ষকে তিন মাস সময় দেওয়ার সম্ভাবনা আছে বলে জানা গেছে।

দুই সপ্তাহ আগে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় নজিরবিহীন জঙ্গি হামলার পর অভিজাত এসব এলাকার অননুমোদিত স্কুল-কলেজ, হোটেল-রেস্তোরাঁ ও হাসপাতাল বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। ১ ও ২ জুলাই হলি আর্টিজানে হামলার ঘটনার পর ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে গত রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে গুলশান ও আশপাশের এলাকায় অননুমোদিত এসব প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, অভিযান খুব শিগগির শুরু হবে। আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান সরাতেই হবে। তবে হোটেল-রেস্তোরাঁ দিয়ে শুরু করা হবে। গুলশানের একটি ঘোষিত বাণিজ্যিক এলাকার বাইরে আর কোথাও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে দেওয়া হবে না। পুরোনো সব প্রতিষ্ঠান উচ্ছেদ করা হবে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আগামী রোববার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের বৈঠকে এসব স্থাপনা সরানোর বিষয়ে সুনির্দিষ্ট ও বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে জানা গেছে। এর মধ্যেই গুলশান, বনানী ও বারিধারা এলাকার বিভিন্ন আবাসিক ভবনে গড়ে ওঠা অননুমোদিত হোটেল-রেস্তোরাঁ ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের তালিকা প্রায় চূড়ান্ত হয়েছে, যা রোববার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের বৈঠকে জমা দেওয়া হবে বলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের একজন সদস্য নাম না প্রকাশের শর্তে জানিয়েছেন। এর আগে গত ৪ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ঢাকাসহ বিভিন্ন শহরের আবাসিক প্লট ও ভবন থেকে সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান সরাতে ছয় মাস সময় বেঁধে দেওয়া হয়।

উল্লেখ্য, গুলশান এলাকাজুড়ে পাচ শতাধিক হোটেল ও রেস্তোরাঁ রয়েছে। এগুলোর বেশির ভাগই আবাসিক এলাকার ভেতরে। বছরে পর বছর এসব হোটেল ও রেস্তোরাঁ ব্যবসা করে আসছে। হোটেল ও রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে নানা ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান। সম্প্রতিক সময়ে এসব অবৈধ প্রতিষ্ঠান নিরাপত্তার জন্যও হুমকি হয়ে দেখা দিয়েছে।