অবৈধ ৯৩৮ পরিবার ফ্ল্যাট পাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষানটেক পুনর্বাসন প্রকল্পে অবৈধভাবে বসবাসরত ৯৩৮ পরিবারকে ফ্ল্যাটের মালিকানা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রথম পর্যায়ে এসব পরিবারের নামে ফ্ল্যাট নিবন্ধন করা হবে। দলিল বা বরাদ্দপত্র ছাড়া দীর্ঘদিন ধরে এসব ফ্ল্যাটে বস্তিবাসীরা অবৈধভাবে বাস করছে। এ ছাড়া হস্তান্তরের ক্ষেত্রে ফ্ল্যাটের টাকা পরিশোধকারী এবং ভাষানটেক বস্তি থেকে উচ্ছেদ হয়ে ফ্ল্যাট বরাদ্দপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভূমি মন্ত্রণালয়।অন্যদিকে ‘এ’ শ্রেণীর ভবনগুলোতে বসবাসের জন্য ৬৬১টি আবেদন নির্বাচন করেছে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠিত বাছাই কমিটি। এসব ফ্ল্যাটের জন্য এক হাজার ৪৬১টি আবেদন জমা পড়ে। তবে ফ্ল্যাট দেওয়া হবে ৭৩৫ জন আবেদনকারীকে। ‘বি’ শ্রেণীর ফ্ল্যাটে বসবাস করছে এমন কয়েকটি পরিবারও ফ্ল্যাট বরাদ্দ পাবে। জানতে চাইলে ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান গত বুধবার প্রথম আলোকে বলেন, যেহেতু ভাষানটেক প্রকল্পে বসবাসরত বস্তিবাসীদের কাছ থেকে টাকা নিয়ে এসব ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে এবং কারও কারও কাছ থেকে বেশি টাকা নেওয়া হয়েছে, সেহেতু তাদেরই এসব ফ্ল্যাটের মালিকানা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, এত দিন সরকারের বরাদ্দপত্র ছাড়াই নিম্ন আয়ের লোকেরা এসব ফ্ল্যাটে বসবাস করে আসছিল। অনিয়ম-দুর্নীতি ও সময়মতো কাজ শেষ করতে না পারায় ২০১০ সালের অক্টোবর মাসে সরকার প্রকল্পটির বাস্তবায়নকারী ও বিনিয়োগপ্রতিষ্ঠান নর্থ সাউথ প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের (এনএসপিডিএল) সঙ্গে চুক্তি বাতিল করে। ২০০৯ সালের মধ্যে প্রতিষ্ঠানটির নির্মাণকাজ শেষ করার কথা ছিল। চুক্তি বাতিলের পর জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষকে প্রকল্পের অসমাপ্ত কাজ বাস্তবায়নের দায়িত্ব দিয়েছে সরকার।প্রকল্পে ‘এ’ শ্রেণীর সাত হাজার ৭৭৬টি এবং ‘বি’ শ্রেণীর পাঁচ হাজার ৪৭২টি ফ্ল্যাট হওয়ার কথা। এই ১৩ হাজার ২৪৮টি ফ্ল্যাটের মধ্যে নির্মাণ শেষ হয়েছে মাত্র এক হাজার ৫৬টির। এর মধ্যে ৯৩৮টি ফ্ল্যাটে বাসিন্দারা বসবাস করছে। আর ফ্ল্যাটের দাম পরিশোধ করেছেন কিন্তু ফ্ল্যাট পাননি এক হাজার সাতজন। প্রকল্প এলাকায় মোট ১১১টি আবাসিক ভবন নির্মাণের কথা। কিন্তু মাত্র ১০টি ভবনের নির্মাণকাজ সম্পন্ন করেছে এনএসপিডিএল এবং আরও আটটির কাজ কিছু দূর এগোনোর পর থেমে আছে। ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে প্রধান করে একটি ‘দায়-দেনা কমিটি’ করা হয়েছে। কমিটি প্রতিবেদনে জানিয়েছে, এনএসপিডিএল এ প্রকল্পে বিনিয়োগ করে ফ্ল্যাট বিক্রি করে বেশি আদায় করেছে ৩০ কোটি টাকা। শিগগগিরই এ প্রতিবেদন দাখিল করা হবে বলে কমিটি সূত্রে জানা গেছে।