অবৈধভাবে ওয়াকিটকি বিক্রির অভিযোগ, প্রতিষ্ঠানের মালিকসহ আটক দুই
ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ওয়াকিটকি সেট বিক্রি করে আসার অভিযোগে একটি প্রতিষ্ঠানের মালিকসহ দুজনকে আটক করা হয়েছে।
এদিকে আটক ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর, গুলিস্তান ও স্টেডিয়াম মার্কেট থেকে মোট ১৬৮টি ওয়াকিটকি সেট, ৩৫টি ওয়াকিটকি সেটের ব্যাটারি, ৩২টি চার্জার, ৬৩টি অ্যান্টেনা, ৬টি মাউথস্পিকার, কিছু ব্যাক ক্লিপ উদ্ধার করা হয়।
রাজধানীর মোহাম্মদপুরে র্যাব ও বিটিআরসি যৌথ অভিযান চালিয়ে এ দুজনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন প্রতিষ্ঠানের মালিক আবদুল্লাহ আল সাব্বির (৩৩) ও তাঁর সহযোগী আল মামুন (২৭)।
আজ সোমবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলেন এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে র্যাব-৩–এর পরিচালক লে. আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, আটক ব্যক্তিরা জব্দ করা ওয়াকিটকি ও যন্ত্রাংশের লাইসেন্স এবং কারিগরি গ্রহণযোগ্যতাসংক্রান্ত সনদ বা কোনো ধরনের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। উদ্ধার করা এসব ওয়াকিটকি সেটের ফ্রিকোয়েন্সি ২৪৫-২৪৬ মেগাহার্জ। এসব ওয়াকিটকি দিয়ে আধা কিলোমিটার এলাকা পর্যন্ত যোগাযোগ করা সম্ভব। এ ছাড়া বহুতল ভবনের ওপর তলা থেকে নিচতলায় যোগাযোগ করা সম্ভব। প্রতিটি ওয়াকিটকির দাম ৫ হাজার থেকে ৫০ হাজার টাকা।
আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, সাধারণ মানুষ ওয়াকিটকি বহনকারী কোনো ব্যক্তিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বলে মনে করেন। এ সুযোগ কাজে লাগিয়ে ওয়াকিটকি সেট ব্যবহার করে অপরাধীরা ভুয়া ডিবি, র্যাব সদস্য, ডিজিএফআই সদস্য, এনএসআই সদস্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ডাকাতি, সড়কে ডাকাতি, ছিনতাই, অপহরণ করে মুক্তিপণ আদায়সহ গুরুতর অপরাধ ঘটিয়ে আসছে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে, আবার প্রকৃত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যখন সাদাপোশাকে দায়িত্বপালন করার প্রয়োজন হয়, তখন জনসাধারণ তাঁদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া সদস্য ভেবে ভুল–বোঝাবুঝির সৃষ্টি হয়। এ ছাড়া ওয়াকিটকির মাধ্যমে পরস্পরের সঙ্গে যোগাযোগ করে অপরাধ সংঘটিত হলে অপরাধী শনাক্তকরণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিবন্ধকতার সম্মুখীন হয়; যা সার্বিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
র্যাব জানায়, আটক সাব্বির পাঁচ বছর ধরে অবৈধভাবে ওয়াকিটকিসামগ্রী নিজ হেফাজতে মজুত রেখে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে আসছিলেন। আর মামুন দুই বছর ধরে তাঁর সহযোগী হিসেবে কাজ করছিলেন। এ পর্যন্ত তাঁরা দুই সহস্রাধিক ওয়াকিটকি অবৈধভাবে বিক্রি করেছেন।