অভিনেত্রী ও তাঁর বন্ধু রিমান্ডে
রাজধানীর উত্তরায় গৃহকর্মীকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে নার্গিস আক্তার নিশি নামের এক অভিনেত্রী ও তাঁর বন্ধু জাহেদ মান্না সুমনকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।গত সোমবার উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ৭৩ নম্বরে নিশির ফ্ল্যাট থেকে পুলিশ পিয়া আক্তার নাসিমার (৩০) ঝুলন্ত লাশ উদ্ধার করে। এ ঘটনায় রাতেই পুলিশ বাদী হয়ে নিশি ও সুমনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা করে। এই মামলায় গতকাল তাঁদের দুই দিনের রিমান্ডে নেওয়া হয়।সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা গতকাল মহানগর হাকিম এস কে তোফায়েল হাসানের আদালতে ওই দুজনের সাত দিনের রিমান্ড চান। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী এ সময় জামিনের আবেদন করেন। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান জানান, বিশেষজ্ঞদের মতামত পাওয়ার পরই মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে। তবে পুলিশও আসামিদের জিজ্ঞাসাবাদ করে ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করছে।নিহতের ভাই মজিবুর রহমান জানিয়েছেন, নিহতের স্বামী কয়েক বছর কারাবাস করছেন।