অভিবাসন কখনই অবৈধ নয়
কোনো অভিবাসনই অবৈধ নয় বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান। তিনি বলেছেন, অভিবাসন কখনই অবৈধ নয়। সব অভিবাসনই বৈধ। রাষ্ট্রই মানুষের এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়া কঠিন করে তোলে।
রাজধানীর ব্র্যাক সেন্টারে গতকাল মঙ্গলবার মানবপাচার ও নিরাপদ অভিবাসন বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত সেমিনারে মিজানুর রহমান এসব কথা বলেন।
মিজানুর রহমান বলেন, পুঁজি এক দেশ থেকে অন্য দেশে পাঠাতে কোনো বাধা নেই। বরং সেটা কত দ্রুত সময়ে পাঠানো যায়, সেটাই করা হয়। কিন্তু মানবসম্পদের সহজ প্রবাহ নিশ্চিত করা হয়নি। তিনি বলেন, ‘আমাদের মূলধন হলো মানবসম্পদ। এ মূলধন যদি না রপ্তানি করতে পারি, সে জন্য নানা ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়। রাষ্ট্রকেই মানুষের স্বাভাবিক চলাচলকে সহজ ও মানবিক করে তুলতে হবে। অভিবাসী শ্রমিকদের স্বার্থ কীভাবে রক্ষা করা যায়, সেটা আমাদের ভাবতে হবে।’
সেমিনারে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) এ দেশীয় মিশন প্রধান শরৎ দাস বলেন, বর্তমান যুগে অভিবাসন কখনোই বন্ধ করা যাবে না। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু এটাকে কীভাবে নিরাপদ করা যায়, সেটাই সব দেশকে ভাবতে হবে। বিদেশে শ্রমিক পাঠাতে হলে তাঁদের দক্ষ করে পাঠালে রেমিট্যান্স আরও বাড়বে।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ বলেন, শিক্ষা, স্বাস্থ্য বিভিন্ন ক্ষেত্রে আমরা উন্নতি করেছি। নিরাপদ অভিবাসনের ক্ষেত্রে কেন পারব না। বিদেশে দক্ষ শ্রমিক পাঠাতে এফবিসিসিআই বা ব্যবসায়ীদের পক্ষ থেকে কোনো সহযোগিতা প্রয়োজন হলে তা দেওয়ার আশ্বাস দেন তিনি।
জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য কাজী রিয়াজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আরও বক্তব্য দেন জাতীয় মানবাধিকার কমিশনের সচিব আমজাদ হোসেন খান, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম প্রমুখ। পরে প্যানেল আলোচনায় বক্তব্য দেন মানবাধিকার কমিশনের সদস্য ফৌজিয়া করিম ফিরোজ, জাতীয় তরুণ সংঘের চেয়ারম্যান মোহাম্মদ ফজলুল হক, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) সহসভাপতি আলী হায়দার চৌধুরী, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রকল্প পরিচালক জিয়াউল আলম প্রমুখ।