অভিবাসী নারী শ্রমিকদের অধিকারে একসঙ্গে কাজ করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিবাসী নারী শ্রমিকদের কাজের পরিবেশ নিরাপদ করতে সরকার ও বেসরকারি সংস্থাগুলো একযোগে কাজ করার অঙ্গীকার করেছে। ‘বিদেশে নারী অভিবাসী শ্রমিকদের কাজের পরিবেশ উন্নতিকরণ’ শীর্ষক জাতীয় পরামর্শ সভায় এই অঙ্গীকার করা হয়। ইউএন উইমেনের সহায়তায় জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) রাজধানীর বিয়াম মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান বলেন, ‘দেশে-বিদেশে দুই জায়গাতেই মেয়েদের কর্মসংস্থানের বিষয়টি একটি চ্যালেঞ্জ। আমরা নিজেদের দেশেই মেয়েদের অনেক অধিকার দিতে পারিনি। তবে বিদেশে যেন আমাদের নারী কর্মীরা সংকটে না পড়েন, কাজের পরিবেশ ঠিক থাকে, সে ব্যাপারে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সরকার ও দূতাবাসের পাশাপাশি ওই দেশের মানবাধিকার সংস্থাগুলোর সঙ্গে দেশের বেসরকারি সংস্থাগুলো এ ব্যাপারে কাজ করতে পারে।’ বিএমইটির মহাপরিচালক বেগম শামসুন্নাহার বলেন, আগে নারীরা অনেক সংকটে পড়লেও ২১ দিনের প্রশিক্ষণ নিয়ে যাঁরা বিদেশে যাচ্ছেন, তাঁরা এসব সংকটে পড়ছেন না। কাজেই সবার উচিত প্রশিক্ষণ নিয়ে এবং জেনেশুনে বিদেশে যাওয়া। আর মধ্যপ্রাচ্যে নারীরা সংকটে পড়লেও হংকংয়ে সরকারিভাবে নারী কর্মী পাঠানোর ক্ষেত্রে তাঁদের কর্মঘণ্টা, ছুটি, বিমা সব বিষয় নিশ্চিত করা হবে। কর্মশালায় আরও বক্তব্য দেন মন্ত্রণালয়ের উপসচিব কাজী আবুল কালাম ও বিএমইটির পরিচালক নুরুল ইসলাম। এর আগে কর্মশালার শুরুতে নারী কর্মীদের বর্তমান অবস্থা এবং উত্তরণের উপায় নিয়ে দুটি প্রবন্ধ উপস্থাপন করেন অভিবাসনবিষয়ক বেসরকারি সংস্থা অকুপের চেয়ারম্যান শাকিরুল ইসলাম এবং ইউএন উইমেনের কর্মসূচি সমন্বয়ক মাহতাবুল হাকিম। প্রবন্ধে তাঁরা বলেন, অনেক নারীই সবকিছু না জেনে বিদেশে যাচ্ছেন। অনেকে আবার যে কাজে যাচ্ছেন, সেই কাজ পাচ্ছেন না। অনেকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। শ্রম আইনে গৃহকর্মী নারী শ্রমিকদের বিষয়টি নেই বলে নানাভাবে তাঁরা নির্যাতিত হন। সমস্যা সমাধানে নারীদের প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠানো উচিত। এ ছাড়া কেউ বিপদে পড়লে দূতাবাসের উচিত যথাযথ সহায়তা করা।