অভিভাবক ফোরামের সভায় কোচিং-বাণিজ্য বন্ধের দাবি
সব রকম কোচিং-বাণিজ্য বন্ধের দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম। গতকাল মঙ্গলবার রাজধানীর শান্তিনগর প্লাজায় অনুষ্ঠিত সভা থেকে তারা এ দাবি জানায়। শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের কবল থেকে রক্ষা করতে অবিলম্বে এই বাণিজ্য বন্ধের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছে তারা।সভায় বলা হয়, একাডেমিক কোচিং, ভর্তি কোচিং, প্রস্তুতি কোচিংসহ নানা নামে দেশের বিভিন্ন স্থানে ব্যাঙের ছাতার মতো কোচিং সেন্টার গড়ে উঠছে। জবাবদিহি না থাকায় এমপিওভুক্ত শিক্ষকেরাও এর সঙ্গে জড়িত হচ্ছেন। তাঁরা শ্রেণী কার্যক্রমে সঠিকভাবে অংশ না নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের অভ্যন্তরে, নিজ গৃহে বা ঘর ভাড়া নিয়ে মাইক্রোফোন ব্যবহার করে প্রকাশ্যে এ বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। আয়করবিহীন এ অনৈতিক শিক্ষাবাণিজ্যের কবল থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে শিক্ষা মন্ত্রণালয়কে সব রকম কোচিং-বাণিজ্য বন্ধ করে প্রজ্ঞাপন জারি করার দাবি জানায় তারা।ফোরামের সভাপতি জিয়াউল কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আতিকুর রহমান, সেলিম মিয়া, আবদুর রাজ্জাক, দেলোয়ার হোসেন প্রমুখ।