রাজধানীর সব শিক্ষাপ্রতিষ্ঠান ও বিপণিবিতানের সামনে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। শিক্ষার্থী মেয়েদের উত্ত্যক্ত করা বন্ধ ও বিপণিবিতানের সামনে অবৈধ পার্কিং ঠেকাতে এই আদালত তাত্ক্ষণিক ব্যবস্থা নেবে।গতকাল বৃহস্পতিবার ঢাকা বিভাগীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার উপস্থিত ছিলেন।জানা গেছে, সভায় বিভাগের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। স্বরাষ্ট্রসচিব এতে বলেছেন, লিখিত পরিসংখ্যান দিয়ে আইনশৃঙ্খলার বিচার করা যাবে না। প্রকৃতপক্ষে আইনশৃঙ্খলা নিয়ে মানুষের অনুভূতি কী সেটিকে গুরুত্ব দিতে হবে।সচিব সাম্প্রতিক শিশু হত্যা এবং অপমান সইতে না পেরে ছাত্রীদের আত্মহননের ঘটনার উল্লেখ করে বলেন, এসব ছোটখাটো ঘটনা থেকে মানুষ সরকারের ওপর অখুশি হয়ে পড়ে। তাই এসব ঘটনার পেছনের কারণ উদ্ঘাটন করা এবং যারা দায়ী তাদের দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে।সভায় ঠিক হয়, আজ শুক্রবার থেকে বিপণিবিতানের সামনে অবৈধভাবে পার্কিং করা গাড়ির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত আইনগত ব্যবস্থা নেবে। ভ্রাম্যমাণ আদালতের সংখ্যাও বাড়ানোর তাগিদ দেওয়া হয়।জানতে চাইলে স্বরাষ্ট্রসচিব প্রথম আলোকে বলেন, পর্যায়ক্রমে সব বিভাগীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী কমিটির সভায় তিনি যোগ দেবেন।ঢাকা বিভাগীয় কমিশনার খোন্দকার শওকত হোসেন প্রথম আলোকে বলেন, এ সিদ্ধান্ত ঢাকা বিভাগের সব জেলা সদরে কার্যকর হবে। এ জন্য জেলার ভ্রাম্যমাণ আদালত কাজ করবে। প্রয়োজনে তাঁরা উপজেলা পর্যায়েও অভিযান চালাবেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা সম্পর্কে সামাজিক আস্থা রক্ষা করাই এ অভিযানের উদ্দেশ্য।