অভিযানে ১৬টি রংচটা যানবাহন জব্দ, আরও মামলা ও জরিমানা
ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক পুলিশের অভিযানে গতকাল শনিবার ১৬টি রংচটা ফিটনেসবিহীন যানবাহন জব্দ করা হয়েছে। রাজধানীর মিরপুর, তেজগাঁওয়ের বিজি প্রেসের সামনে ও বনানীতে তিনটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসব আদালতে ৫০টি মামলাসহ জরিমানা আদায় করা হয়েছে ৫১ হাজার ১০০ টাকা।সরকারি সিদ্ধান্ত অমান্য করে রংচটা ফিটনেসবিহীন যাত্রী বহনের অপরাধে গতকাল চারটি বাস জব্দ করা হয়। জব্দ যানবাহনগুলো রাজারবাগ পুলিশ লাইনে রাখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। অন্যদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ বিশেষ অভিযান চালিয়ে গতকাল ৩৯৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা করেছে। ফিটনেসবিহীন ১২টি যানবাহন জব্দ করেছে পুলিশ। সব মিলিয়ে গতকাল ১৬টি যানবাহন জব্দ করেছে ট্রাফিক পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার থেকে ঢাকা জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। এর আগে গত শুক্রবার ভ্রাম্যমাণ আদালত ১৩টি রংচটা ফিটনেসবিহীন বাস-মিনিবাস জব্দ করেন।