রাজধানীর স্কুলশিক্ষিকা আকলিমা আক্তার হত্যা মামলার এজাহারভুক্ত একমাত্র আসামি জিল্লুর ভূঁইয়াকে গতকাল রোববার রাত পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত শনিবার স্কুলশিক্ষিকার বাবা সাইদুর রহমান বাদী হয়ে জিল্লুর ভূঁইয়াকে আসামি করে পল্লবী থানায় হত্যা মামলা করেন।মামলায় বলা হয়, খুনি জিল্লুরের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবার পাশে। এক বছর আগে আকলিমা মিরপুর ১১ নম্বরে বাংলা স্কুল অ্যান্ড কলেজে গণিত বিভাগের শিক্ষক হিসেবে যোগ দেওয়ার পর এলাকার ছেলে হিসেবে জিল্লুর আকলিমার মিরপুর ৬ নম্বর সেকশনের ভাড়া বাসায় আসা-যাওয়া করতেন। সম্প্রতি জিল্লুর বিয়ের প্রস্তাব দিয়েছিলেন আকলিমাকে। এতে প্রত্যাখ্যাত হয়ে জিল্লুর পরিকল্পিতভাবে আকলিমাকে শ্বাসরোধে হত্যা করে। গত শনিবার বিকেলে ময়নাতদন্ত শেষে আকলিমার লাশ আশুলিয়ায় বাদীর বাড়ির পাশে দাফন করা হয়েছে।যোগাযোগ করা হলে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, এজাহারভুক্ত আসামি জিল্লুরকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল তাঁর গ্রামের বাড়িসহ সম্ভাব্য স্থানে অভিযান চালাচ্ছে।গত শুক্রবার রাতে মিরপুর ৬ নম্বর সেকশনের ডি ব্লকের ৩ নম্বর সড়কের ২৫ নম্বরের ভাড়া বাসায় ঢুকে মিরপুর ১১ নম্বরের বাংলা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা আকলিমাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়া হয়। আকলিমা বাড়ির মালিক মিজানুর রহমানের সাবলেট ছিলেন।