অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষ্ঠানের যেসব শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের ওপর যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। গতকাল রোববার কলেজের পরিচালনা পর্ষদের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।এদিকে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া ভিকারুননিসার বসুন্ধরা শাখার শিক্ষক পরিমল জয়ধরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।গতকাল দুপুরে ভিকারুননিসা কলেজের পরিচালনা পর্ষদের সদস্যরা শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরীর সঙ্গে সচিবালয়ে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। উদ্ভূত যেকোনো পরিস্থিতিতে প্রতিষ্ঠানের শান্তি-শৃঙ্খলা রক্ষার বিষয়ে তাঁরা আলোচনা করেন।বিকেলে পরিচালনা পর্ষদের সদস্যরা ছাত্রী নির্যাতনের দায়ে অভিযুক্ত শিক্ষকদের বিষয়ে করণীয় ঠিক করতে জরুরি সভায় বসেন। পর্ষদের সদস্য দিলীপ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্যাতনের শিকার ছাত্রীর প্রতি সমবেদনা জানানো হয়। শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম রক্ষা ও পরিস্থিতি স্বাভাবিক রেখে শিক্ষা-কার্যক্রম অব্যাহত রাখতে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগম গতকাল প্রথম আলোকে বলেন, ‘পরিমল জয়ধরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে আরও দুজন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরিচালনা পর্ষদ কর্তৃক নিযুক্ত তদন্ত কমিটি এ ব্যাপারে তদন্ত করেছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ অধ্যক্ষ ছাত্রী ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।