পল্লবী থানার পুলিশের হেফাজতে মোহাম্মদ জনি হত্যা মামলায় ৪ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের ব্যাপারে শুনানির দিন ধার্য করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার এ মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।
মামলায় কারাগারে আটক আসামি পুলিশের সোর্স সুমনকে হাজির ও তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন আইনজীবী এমদাদুল হক। আদালত তা মঞ্জুর করে ৪ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেন। ঢাকার মহানগর দায়রা জজ কামরুল ইসলাম মোল্লা এ আদেশ দেন। এর আগে এ মামলায় কারাগারে আটক পল্লবী থানার সাবেক উপপরিদর্শক (এসআই) জাহিদসহ অন্য আসামিদের আদালতে হাজির করা হয়।
২০১৪ সালের ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় সেকশন-১১, ব্লক-বি ইরানি ক্যাম্পের বাসিন্দা মো. সাদেকের ছেলে মো. বিল্লালের গায়েহলুদের অনুষ্ঠান ছিল। বিল্লাল ও জনি বন্ধু হওয়ায় জনির পরিবারের সবাইকে আমন্ত্রণ জানানো হয়। ওই অনুষ্ঠানে পুলিশের সোর্স সুমন মদ্যপান করে মঞ্চে উঠে মেয়েদের উত্ত্যক্ত করতে শুরু করেন। এতে জনি মঞ্চ থেকে সুমনকে নামিয়ে দেন। এ নিয়ে বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। আসামি সুমন পল্লবী থানার এসআই জাহিদুর রহমানসহ অন্য আসামিদের নিয়ে অনুষ্ঠানস্থলে বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেন। এরপর জনি ও তাঁর ভাইকে হাতকড়া পরিয়ে নির্যাতন করেন। নির্যাতনের একপর্যায়ে জনির অবস্থা খারাপ হলে তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় তখন মামলা হয়। মামলাটির বিচার বিভাগীয় তদন্ত শেষে এসআই জাহিদসহ পাঁচজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।