অভিযোগ আমলে নেওয়ার বিরুদ্ধে ফখরুলের আপিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালে সচিবালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপিসহ ১৮ দলীয় জোটের নেতাদের বিরুদ্ধে করা মামলায় অভিযোগ আমলে নেওয়ার আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হয়েছে।বিচারিক আদালতের আদেশের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার এই আপিল আবেদনটি করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আবেদনে অভিযোগ আমলে নেওয়ার আদেশ বাতিল এবং আপিল বিচারাধীন থাকা অবস্থায় মামলার কার্যক্রম স্থগিতের আরজি জানানো হয়েছে। গত ২৬ আগস্ট এই মামলায় মির্জা ফখরুলসহ ১৮ দলীয় জোটের ২৯ নেতার বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক। শুনানি শেষে ওই দিন আদালত অভিযোগপত্র গ্রহণ করেন ও ১৮ সেপ্টেম্বর অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য করেন। একই সঙ্গে অভিযোগ আমলে না নেওয়ার আবেদনও খারিজ করা হয়। আপিলকারীর আইনজীবী মাহবুব উদ্দিন খোকন প্রথম আলোকে বলেন, মির্জা ফখরুলের আবেদন খারিজ করে অভিযোগ আমলে নেওয়ার আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে। অবকাশের পর (৩০ সেপ্টেম্বর) হাইকোর্টের নিয়মিত বেঞ্চে আপিলটি শুনানির জন্য উপস্থাপন করা হবে।আবেদনে বলা হয়, মামলার এজাহার ও অভিযোগপত্রে দেখা যায়, গত ২৯ এপ্রিল বিরোধী দলের ডাকা হরতালের মধ্যে সচিবালয়ে অজ্ঞতনামা দুই মোটরসাইকেল আরোহী ককটেলের বিস্ফোরণ ঘটায়। এই দুজনকে জোটের নেতারা আর্থিকভাবে সহায়তা করেছেন বলে অভিযোগ করা হয়। পুলিশের দাখিল করা অভিযোগপত্র অনুসারে পুলিশ ওই দুজনকে এখনো পর্যন্ত শনাক্ত করতে পারেনি। মূল অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত না করেই তাদের সহায়তা করার অভিযোগে জোটের ২৯ নেতার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। তা নিম্ন আদালত আমলে নিয়েছেন। কিন্তু আইন অনুসারে মূল অভিযুক্ত ব্যক্তিদের চিহ্নিত না করে সহায়তাকারীদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া বেআইনি।