অভিযোগ গঠনের শুনানি দ্বিতীয় দফা পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবার পিছিয়েছেন আদালত।গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ এরফান উল্লাহ আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন তারিখ ধার্য করেন ২৪ জুলাই। এ নিয়ে দুই দফা সময় পেছানো হলো।গত ১৩ জুন আদালত অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন ২০ জুন। তবে ওই দিন আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল এ বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়।গতকাল আসামিপক্ষের আইনজীবীরা সময় চেয়ে আদালতকে বলেন, সাদেক হোসেন ও মির্জা আব্বাস চিকিৎসার জন্য দেশের বাইরে আছেন। এ ছাড়া এই মামলার আসামি সাংসদ এম কে আনোয়ার, মাহবুব উদ্দিন খোকন, শহীদ উদ্দীন চৌধুরী, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অলি আহমদ সংসদ অধিবেশন চলায় আদালতে হাজির হতে পারেননি। এ জন্য সময়ের প্রয়োজন।রাষ্ট্রপক্ষে সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আবু এর বিরোধিতা করে বলেন, এটি দ্রুত বিচার আইনের মামলা। এই মামলায় নির্দিষ্ট সময়ের মধ্যে নিষ্পত্তির বাধ্যবাধকতা রয়েছে। তা ছাড়া সংসদ অধিবেশনের যুক্তিতে সময় চাওয়া হলেও সংশ্লিষ্ট পাঁচ সাংসদ অধিবেশনে যোগ দেন না।এ সময় আসামিপক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, সাদেক হোসেন হাইকোর্টের অনুমতি নিয়ে চিকিৎসার জন্য বিদেশে গেছেন। তিনি ন্যায়বিচার থেকে বঞ্চিত হবেন। শুনানি শেষে আদালত ২৪ জুলাই পরবর্তী তারিখ ধার্য করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা বিচারককে উদ্দেশ করে হইচই করেন। আসামি কামারুজ্জামানের পক্ষেও সময়ের আবেদন করা হয়।গত ২৯ এপ্রিল বিএনপিসহ ১৮ দলীয় জোটের ডাকা হরতালের পর রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় তেজগাঁও থানার পুলিশ এই মামলা করে।গতকাল মির্জা ফখরুল ইসলাম, হান্নান শাহ, খন্দকার মোশাররফ হোসেনসহ ২০ জন আদালতে হাজির ছিলেন।এই মামলায় জামিনে থাকলেও অন্য মামলায় কারাগারে আছেন হাবিব-উন-নবী খান, সুলতান সালাউদ্দিন, মীর সরাফত আলী, আমীরুল ইসলাম খান, সাইফুল ইসলাম, এস এম জাহাঙ্গীর, মজনু, ইয়াছিন আলী, আ. মতিন, কামাল আনোয়ার আহমেদ ও ইউনুছ মৃধা। তাঁদেরও আদালতে হাজির করা হয়।জামিন হয়নি: এ ছাড়া আসামি সোহেল মিয়া, জসিম ও মানিক রতনকেও কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এই তিনজনের জামিন হয়নি। গতকালও তাঁদের পক্ষে জামিনের আবেদন করা হয়েছিল।গতকাল রাষ্ট্রপক্ষে আরও শুনানি করেন অতিরিক্ত পিপি শাহ আলম তালুকদার, ফজলে রাব্বি ও তাপস কুমার পাল। আসামিপক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী সানাউল্লাহ মিয়া, খোরশেদ আলম, বোরহান উদ্দিন, মোহসীন মিয়া, ইকবাল হোসেন প্রমুখ।