অভিযোগ দেওয়া যাবে ২৫ জানুয়ারি পর্যন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা ২৫ জানুয়ারির মধ্যে জানাতে অনুরোধ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযোগ দেওয়ার এ সময়সীমা তিন দিন বাড়ানো হয়েছে। এর আগে ২২ জানুয়ারি পর্যন্ত অভিযোগ দেওয়ার সময় ছিল। দুদকের কমিশনার (অনুসন্ধান) মো. নাসিরউদ্দীন আহমেদ গতকাল রাজউক নিয়ে গণশুনানির প্রচার কার্যক্রম উদ্বোধন করেন। ২৭ জানুয়ারি ওসমানী স্মৃতি মিলনায়তনে এই শুনানি হবে। কমিশনার বলেন, গণশুনানির উদ্দেশে ধরপাকড় করা নয়, বরং আলাপ-আলোচনার মাধ্যমে মানুষের সেবা পাওয়া নিশ্চিত করা।

দুদকের কর্মকর্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দুদক দেশব্যাপী গণশুনানির কার্যক্রম পরিচালনা করছে। জনগণ নাগরিক সনদ অনুযায়ী সেবা পাচ্ছে কি না, তা যাচাই করা হচ্ছে। রাজউকের কর্মকাণ্ড-সংক্রান্ত অভিযোগগুলোর সমাধানের মাধ্যমে ভুক্তভোগীরা যাতে উন্নত সেবা পান, এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়ার চেষ্টা চালানোর লক্ষ্যেই এই গণশুনানির আয়োজন। রাজউকে প্লটের অর্থ জমা দেওয়া সত্ত্বেও প্লটের দখল পেতে, ভূমি ছাড়পত্র, নকশা অনুমোদন অথবা নামজারির ক্ষেত্রে কোনো ধরনের হয়রানির শিকারদের গণশুনানিতে দালিলিক তথ্যসহ হাজির হয়ে অংশগ্রহণের আহ্বান জানান দুদক কমিশনার। প্রচার কার্যক্রম উদ্বোধন শেষে নাসিরউদ্দীন আহমেদ গণশুনানিতে অংশ নেওয়ার আহ্বান-সংবলিত প্রচারপত্র সাধারণ মানুষের মধ্যে বিতরণ করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিশনের সচিব আবু মো. মোস্তফা কামাল, মহাপরিচালক জিয়াউদ্দীন আহমেদ ও মো. শামসুল আরেফিন, ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ার, পরিচালক শিরিন পারভীন, উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দুদক সূত্র জানিয়েছে, শুনানিতে অংশগ্রহণের জন্য ২৫ জানুয়ারির মধ্যে সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে দুদকের সঙ্গে যোগাযোগ করতে হবে। দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এর উপপরিচালকের মোবাইল নম্বর ০১৭৩০-৩০৩২০৩ ও ফোন নম্বর ৯৩৫৮৯৬৬-এ সার্বক্ষণিক যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে। এ ছাড়া রাজধানীতে দুদকের সাতটি দুর্নীতি প্রতিরোধ কমিটির সঙ্গেও এ বিষয়ে যোগাযোগ করা যাবে। সাতটি অঞ্চলের দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতিদের নম্বরগুলো হলো  মতিঝিল অঞ্চল ০১৭১২-১১১৫৩৬; উত্তরা অঞ্চল ০১১৯৯-১৪৭৩৮২; গুলশান অঞ্চল ০১৭১১-১৫৯২৭৩; মিরপুর অঞ্চল ০১৭১৬-২৩২৩০৪; রমনা অঞ্চল ০১৭৮৯-৭৯১৯৪০; লালবাগ অঞ্চল ০১৭১২-১১৯৩০৯; তেজগাঁও অঞ্চল ০১৭১১-৫৯২০০৫ ও ওয়ারী অঞ্চল ০১৭২০-০৮৮৩৯৭।