অভিযোগ প্রমাণে রাষ্ট্রপক্ষের ব্যর্থতা হেরোইন রেখেও আসামিরা খালাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিযোগ প্রমাণে রাষ্ট্রপক্ষের ব্যর্থতার কারণে হেরোইনসহ হাতেনাতে গ্রেপ্তার তিন আসামিকে খালাস দিয়েছেন আদালত। ঢাকার মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক ফজিলা বেগম গত ৩ এপ্রিল এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষ বাদীসহ চারজন সাক্ষীকে আদালতে উপস্থাপন করেন। এর মধ্যে তিনজনকে রাষ্ট্রপক্ষ বৈরী ঘোষণা করেন। তদন্ত কর্মকর্তাকে বারবার সমন দেওয়ার পরও আদালতে হাজির হননি। রায়ে বলা হয়, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ১(খ) ধারায় অভিযোগ প্রমাণ না হওয়ায় তাঁদের খালাস দেওয়া হলো। রায়ে আলামত হিসেবে জব্দ করা ৫০ গ্রাম হেরোইন ধ্বংস এবং ঘটনাস্থল থেকে উদ্ধার করা টাকা ও স্বর্ণালংকার আসামিদের কাছে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। খালাস পাওয়া আসামিরা হলেন আলী সালেক, ফারুক ওরফে জামাই ফারুক ও তাঁর স্ত্রী হোসনে আরা বেগম। আসামি সালেক ছাড়া বাকি দুজন জামিন অবস্থায় পলাতক আছেন। মামলার বিবরণে বলা হয়, ২০০৪ সালের ১৮ অক্টোবর ডেমরা থানার ধলপুরের সিটিপল্লিতে আসামি সালেকের বাসায় অভিযান চালিয়ে র‌্যাব ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে। আসামি সালেকের স্বীকারোক্তিমতে, হেরোইন বিক্রির ৩০ লাখ চার হাজার ৫৭৫ টাকা উদ্ধার করে র‌্যাব। ঘটনাস্থল থেকে জামাই ফারুক ও তাঁর স্ত্রী হোসনে আরাকে এ সময় গ্রেপ্তার করা হয়।ওই বছরের ১৮ নভেম্বর র‌্যাব-৩-এর উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম তদন্ত করে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। মামলার নথিতে দেখা যায়, ২০০৯ সালের ৩ নভেম্বর মামলার বাদী ফিরোজ খান, সার্জেন্ট আলমগীর, আমিনুল ইসলাম ও সদর আলী আদালতে সাক্ষ্য দেন। এরপর তদন্ত কর্মকর্তাকে সাক্ষ্য দেওয়ার জন্য আদালত থেকে সমন দেওয়া হয়। তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বর্তমানে ফেনী জেলায় কর্মরত। সেখানকার ঠিকানায় সমন পাঠানোর পরও তিনি আদালতে হাজির হননি। জব্দ তালিকা তৈরি করেন র‌্যাব-৩-এর তৎকালীন উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন। তিনি বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলায় কর্মরত। তিনিও আদালতে হাজির হননি। দুর্নীতি দমন কমিশনের সাবেক কৌঁসুলি এ এফ এম গোলাম ফাত্তাহ প্রথম আলোকে বলেন, মামলার যথার্থ প্রমাণের জন্য বাদীর পর গুরুত্বপূর্ণ সাক্ষী হচ্ছেন মামলার তদন্ত কর্মকর্তা। নথি অনুসন্ধানে দেখা যায়, বাদী ফিরোজ খান ঘটনার বর্ণনা দিয়ে আদালতে জবানবন্দি দেন। সার্জেন্ট আলমগীর, আমিনুল ইসলাম ও সদর আলী আসামিদের বাঁচিয়ে সাক্ষ্য দেন। তাই রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তাঁদের জবানবন্দি বৈরী (প্রত্যাখ্যান) ঘোষণা করেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত কৌঁসুলি এস এম জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ বলা যাবে না। মামলার তদন্ত কর্মকর্তা এবং জব্দ তালিকার সাক্ষীকে একাধিকবার সমন দেওয়া হয়েছে। আইজিপির মাধ্যমে তাঁদের বর্তমান কর্মস্থলে পরোয়ানা পাঠানো হয়েছে। তার পরও তাঁরা হাজির হননি। যে কারণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা যায়নি।