বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন শিক্ষায়তনকে নিজস্ব আয় উত্তরোত্তর বাড়ানোর নির্দেশ দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যয় বাড়বে বলে মনে করা হচ্ছে। শিক্ষা-সহায়ক খাতে বরাদ্দ তেমন না বাড়াও এর একটি কারণ। বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা এমন অভিমত দিয়েছেন।গতকাল বৃহস্পতিবার মঞ্জুরি কমিশনের অর্থ ও হিসাব পরিচালকের দপ্তর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ২০১০-১১ অর্থবছরের সংশোধিত ও ২০১১-১২ অর্থবছরের অনুন্নয়ন বাজেট বরাদ্দ নির্ধারণ করে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে জানানো হয়, কমিশন ২০১১-১২ অর্থবছরের জন্য ২৫৩ কোটি ৫০ লাখ টাকার অনুন্নয়ন বাজেট নির্ধারণ করেছে। গত অর্থবছর এ বাবদ বরাদ্দ ছিল ২০৩ কোটি ৭৯ লাখ টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী অর্থবছরের ২৫৩ কোটি ৫০ লাখ টাকার বাজেটের মধ্যে মঞ্জুরি কমিশন দেবে ২২২ কোটি ৪০ লাখ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিজেদের আয় থেকে বাকি ৩১ কোটি ১০ লাখ টাকার সংস্থান করতে হবে।প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে, মঞ্জুরি কমিশন থেকে বিশ্ববিদ্যালয়ের ওপর ধার্য করা অভ্যন্তরীণ আয়ের অঙ্ক কয়েক বছর ধরে নিয়মিতভাবে বাড়ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সিনেট সদস্য প্রথম আলোকে জানান, বিশ্ববিদ্যালয়কে ২০০৯-১০ অর্থবছরে ১৮ কোটি এবং ২০১০-১১ অর্থবছরে ২৬ কোটি ৩০ লাখ টাকা অভ্যন্তরীণভাবে আয় করার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল। এবার সে অঙ্ক ৩০ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার কথা উল্লেখ করে ওই সিনেট সদস্য বলেন, ‘খুব স্বাভাবিকভাবেই এ টাকা আয়ের জন্য শিক্ষার্থীদের ওপর নানা ধরনের ফি চাপাতে হবে। শিক্ষা-সহায়ক আনুষঙ্গিক খাতে বরাবরের মতো এবারও বাজেটে ন্যূনতম বরাদ্দ রাখা হয়েছে।’দেখা গেছে, শিক্ষা-সহায়ক আনুষঙ্গিক খাতে এবার বরাদ্দ হয়েছে ২২ কোটি ৫০ লাখ টাকা, যা গত অর্থবছরের চেয়ে আড়াই কোটি টাকা বেশি।ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসাব পরিচালক আশরাফ উদ্দিন প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০১০-১১ অর্থবছরের জন্য ২৮২ কোটি টাকার সংশোধিত বাজেট ও ২০১১-১২ অর্থবছরের জন্য ২৯৬ কোটি ৮০ লাখ টাকার বাজেটের অনুমোদন চেয়েছিল। মঞ্জুরি কমিশন চলতি অর্থবছরের ২৪৮ কোটি ৭৯ লাখ টাকার সংশোধিত বাজেট অনুমোদন করেছে। প্রধান হিসাব পরিচালক আরও বলেন, ২০১০-১১ অর্থবছরের ক্ষেত্রে সরকার বিশ্ববিদ্যালয়ের চাহিদার চেয়ে ৩৩ কোটি ২১ লাখ টাকা কম দিয়েছে। এর ওপর অভ্যন্তরীণ আয়ের মাত্রা আরও বাড়িয়েছে। আয় বাড়ানোর ক্ষেত্র সীমিত হওয়ায় ছাত্রদের বেতন ও ফির হার বাড়ানো ছাড়া কোনো উপায় নেই। কমিশনের গতকালের চিঠিতে প্রথম বর্ষ সম্মান ভর্তি পরীক্ষার ফরম বিক্রি করে পাওয়া টাকার ৬০ শতাংশ ভর্তি পরীক্ষাসংক্রান্ত কাজে খরচ করে বাকি ৪০ শতাংশ বিশ্ববিদ্যালয়ের তহবিলে জমা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের এ নির্দেশনাকে ‘অযৌক্তিক’ বলে উল্লেখ করেছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সদস্য ফরিদ উদ্দিন আহমেদ। প্রথম আলোকে তিনি বলেন, ‘৪০ শতাংশ অর্থ বিশ্ববিদ্যালয় তহবিলে জমা দিলে ভর্তি পরীক্ষা নেওয়া সম্ভব নয়। বিশ্ববিদ্যালয়ে আরও অনেক খাত আছে, যেখানে টাকার অপচয় হচ্ছে। সেখান থেকে টাকা নেওয়া যেতে পারে।’চলতি মাসের শেষ সপ্তাহে সিনেট অধিবেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগামী অর্থবছরের বাজেট অনুমোদন করা হবে। এতে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটও তোলা হবে।