অমর একুশে গ্রন্থমেলার প্রস্তুতি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা একাডেমী চত্বর এখন কর্মমুখর। ‘বর্ধমান হাউজ’-এর সামনের সবুজ প্রান্তরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। স্টলের অবকাঠামো নির্মাণ ও সাজসজ্জায় ব্যস্ত কর্মীরা। একাডেমীর কর্মকর্তারা ব্যস্ত তদারকিতে। এ সবই ফেব্রুয়ারির প্রথম দিনে অমর একুশের গ্রন্থমেলা উদ্বোধনের প্রস্তুতি।গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে স্টল বরাদ্দের তালিকা প্রকাশ করা হয়েছে। এবার মোট ২১৪টি সংস্থা স্টল পেয়েছে। ২৬ জানুয়ারি লটারির মাধ্যমে স্টলগুলোর স্থান বণ্টন করা হবে বলে জানা গেছে একাডেমী সূত্রে। ২৭ জানুয়ারি স্টল বুঝিয়ে দেওয়া হবে।একাডেমী চত্বরের মাঝখানে নতুন ভবন নির্মাণের কারণে স্থান কমে যাওয়ায় গতবারের মতো এবারও চত্বরের বাইরে মেলা সম্প্রসারিত হবে। মেলায় অংশগ্রহণের শর্তেও অন্যবারের তুলনায় কিছু কড়াকড়ি করা হয়েছে। পাশাপাশি স্টল বরাদ্দে অনিয়মের অভিযোগও উঠেছে একাধিক।একাডেমীর জনসংযোগ কর্মকর্তা মুর্শিদুদ্দিন আনোয়ার জানান, এবার ৪২৪টি প্রকাশনা প্রতিষ্ঠান স্টল বরাদ্দের জন্য আবেদন করেছিল। সেখান থেকে গ্রন্থমেলা পরিচালনা কমিটি বাছাই করে ২১৪টি সংস্থাকে নির্বাচন করেছে। স্টলগুলো বিন্যস্ত করা হয়েছে প্রকাশক এলাকা, প্রকাশক-বিক্রেতা এলাকা, শিশু কর্নার, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, লিটল ম্যাগাজিন এলাকায়। ভাষাশহীদ সালাম, রফিক, জব্বার, বরকত ও শফিউর ছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ড. মুহম্মদ শহীদুল্লাহ, আবদুল করিম সাহিত্যবিশারদ প্রমুখ ব্যক্তিত্বের নামে মেলা চত্বর ভাগ করা হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক বাংলা একাডেমীর একজন কর্মকর্তা জানান, প্রয়োজনীয় যোগ্যতা না থাকা সত্ত্বেও কেউ কেউ এ বছরও দুই-তিন ইউনিটের স্টল পেয়ে গেছে।গ্রন্থমেলার নীতিমালা অনুযায়ী, ২০১০ সালের মেলা থেকে এ বছরের মেলা পর্যন্ত এক বছরের মধ্যে কমপক্ষে ২০টি নতুন বই প্রকাশ করলে অথবা গত পাঁচ বছরে ৫০টি (সৃজনশীল, সাহিত্য, বিজ্ঞান ও গবেষণাধর্মী) প্রকাশনা হলেই কেবল স্টল পাওয়ার যোগ্য বলে বিবেচিত হওয়ার কথা।স্টল বরাদ্দে অনিয়মের অভিযোগের ব্যাপারে জানতে চাইলে একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান গতকাল প্রথম আলোকে বলেন, ‘অমর একুশে গ্রন্থমেলার ২১ সদস্যবিশিষ্ট কমিটি নির্বাচন করেছে কোন প্রতিষ্ঠান কেমন স্টল পাবে। বিভিন্ন অভিযোগ ও পুনর্বিবেচনার আবেদন গ্রন্থমেলা পরিচালনা কমিটি পুনর্বিবেচনা করে স্টল বণ্টন করেছে। কেউ যোগ্যতা ছাড়া স্টল পেয়েছে বলে আমার বিশ্বাস হয় না।’শামসুজ্জামান খান বলেন, এবারের মেলায় অংশ নেওয়া প্রকাশনা সংস্থাগুলোর অংশগ্রহণের শর্তে কড়াকড়ি আরোপ করা হয়েছে। প্রকাশিত বইয়ের কপি আর্কাইভস ও জাতীয় গণগ্রন্থাগারে জমা দেওয়া হয়েছে কি না, আয়কর দেওয়ার পরিচিতিমূলক টিআইএন নম্বর ঠিক আছে কি না, তা যাচাই করে দেখা হচ্ছে। মেলা কমিটির সদস্যসচিব ও একাডেমীর পরিচালক শাহিদা খাতুন জানান, এবার একুশে বইমেলায় গত বছরের প্রবর্তিত চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কারের পাশাপাশি নতুন করে মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার প্রবর্তন করা হয়েছে।