কুয়াশাঢাকা ভোরে কাজ শুরু, চলছে বেশ খানিকটা রাত পর্যন্ত। বাংলা একাডেমী চত্বরে এখন নির্মাণকর্মীদের দারুণ ব্যস্ততা। তাঁরা মাঠের আবর্জনা সরিয়ে মাঠকে মেলার উপযোগী করে তুলছেন। গতকাল বুধবার বিকেলে একাডেমী চত্বরে লটারির আয়োজন করা হয়। আয়োজক ও প্রকাশকদের উপস্থিতিতে এই লটারির মাধ্যমে স্টলের স্থান নির্ধারণ করা হয়েছে। একাডেমী সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুরের মধ্যে বণ্টন করা স্টলগুলো প্রকাশকদের বুঝিয়ে দেওয়া হবে। জায়গা বুঝে পেলেই প্রকাশকেরা শুরু করবেন স্টলের সাজসজ্জার কাজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১ ফেব্রুয়ারি বাঙালির প্রাণের এই মেলা উদ্বোধন করবেন। এ সময় তিনি একাডেমী প্রাঙ্গণে জাতীয় সাহিত্য ও লেখক জাদুঘর উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে এবার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। মেলার মঞ্চে এবার থাকবে রবীন্দ্রবিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই কার্যক্রমে দুই বাংলার শিল্পী, সাহিত্যিকেরা অংশ নেবেন। গতকাল বুধবার বাংলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে দেখা গেল, একাডেমীর পক্ষ থেকে স্টলের কাঠামো তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। এবার একাডেমী প্রাঙ্গণের বাইরের ফুটপাতে মেলা সম্প্রসারিত হচ্ছে। একাডেমীর জনসংযোগ কর্মকর্তা মুর্শিদুদ্দিন আনোয়ার জানান, মেলায় একটি প্যাভিলিয়নসহ ৩৩৪টি ইউনিট গতকাল পর্যন্ত চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে বেশ কিছু স্টল তৈরি হবে একাধিক ইউনিট নিয়ে। স্টলগুলোকে বিন্যস্ত করা হয়েছে প্রকাশক এলাকা, প্রকাশক-বিক্রেতা এলাকা, শিশু কর্নার, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং ছোট পত্রিকা এলাকায়। ব্র্যাক ব্যাংকের অর্থায়নে বইমেলার মূল মঞ্চসহ বিভিন্ন মঞ্চ, প্রবেশপথ নির্মাণ এবং মেলার ভেতরে ও বাইরে সার্বিক সাজসজ্জা হচ্ছে। এর ব্যবস্থাপনায় রয়েছে স্টেপ মিডিয়া। তবে স্টল বরাদ্দের ব্যাপারে প্রকাশকদের মধ্যে অসন্তুষ্টি রয়েছে। মেলা পরিচালনা কমিটির সদস্য বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক ওসমান গনি প্রথম আলোকে বলেন, ‘আমাদের যেমন প্রত্যাশা ছিল, সে অনুপাতে মেলার স্টল বণ্টন কিংবা বরাদ্দের ব্যাপারে নীতিমালা মানা হয়নি।’জাতীয় সাহিত্য ও লেখক জাদুঘর: দীর্ঘ প্রতীক্ষার পর বাংলা একাডেমীর জাতীয় সাহিত্য ও লেখক জাদুঘরের কাজ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, ‘আমরা যথাযথ প্রস্তুতি নিয়ে প্রথমবারের মতো এ ধরনের জাদুঘর চালুর উদ্যোগ নিয়েছি বর্ধমান হাউসে। সেখানে বাংলা ভাষার লেখকদের তালিকা থাকবে। থাকবে লেখকদের পোর্ট্রেট, পাণ্ডুলিপিসহ সব ধরনের সাহিত্যকর্ম।’এবার মেলায় বই বিক্রি বাড়বে বলেও তিনি আশা প্রকাশ করেছেন। তিনি বলেন, এ বছর অমর একুশে গ্রন্থমেলায় ২৫ থেকে ৩০ কোটি টাকার বই বিক্রি হতে পারে। প্রতিবছর মেলায় যেভাবে বই বিক্রির হার বাড়ছে, তাতে এই লক্ষ্যমাত্রা অর্জন অমূলক নয়।বাংলা একাডেমীর হিসাবে, গত বছর মেলায় প্রায় ২০ কোটি টাকার বই বিক্রি হয়। এর মধ্যে বাংলা একাডেমীর নিজস্ব বই বিক্রি হয় প্রায় ৬৬ লাখ টাকা। বিগত কয়েক বছরে মেলায় মোট বই বিক্রির পরিমাণ ক্রমান্বয়ে বেড়েছে। অমর একুশে গ্রন্থমেলার নীতিমালায় বলা হয়েছে, এবারের মেলায় বাংলা একাডেমী নিজস্ব বইয়ের ক্ষেত্রে ৩০ শতাংশ এবং অন্যান্য সংস্থা ২৫ শতাংশ হারে কমিশন দেবে।