অযোগ্যতা ঢাকতে সরকার যুদ্ধাপরাধকে ইস্যু বানিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, সরকার নিজেদের অযোগ্যতা ঢাকার জন্যই ‘কথিত যুদ্ধাপরাধকে’ ইস্যু বানিয়ে দেশজুড়ে মাতম শুরু করেছে। সরকারি প্রচারমাধ্যম শুধুই কথিত যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও রাজাকার, আলবদর নিয়ে ব্যস্ত।গতকাল মঙ্গলবার রাজধানীর প্রেসক্লাব মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর আয়োজিত এক পেশাজীবী সমাবেশে আজহারুল ইসলাম এসব কথা বলেন। ধর্মনিরপেক্ষতার আড়ালে দেশকে ধর্মহীন রাষ্ট্রে পরিণত করা, জামায়াতের শীর্ষস্থানীয় নেতাদের মুক্তি ও দেশ পরিচালনায় সরকারের ব্যর্থতা তুলে ধরতেই এ সমাবেশের আয়োজন করা হয়। আজহারুল ইসলাম বলেন, যারা যুদ্ধাপরাধের কথা বলছে তারাই ১৯৫ জন যুদ্ধাপরাধীকে ছেড়ে দিয়েছে। মূল অপরাধীদের ছেড়ে দিয়ে তারা ৩০ লাখ শহীদের রক্তের সঙ্গে তামাশা করছে। তিনি এই তামাশা বন্ধের আহ্বান জানিয়ে বলেন, ‘তা না হলে আল্লাহর আরশ কেঁপে উঠবে। আল্লাহ জালিমের হাত ভেঙে দেবেন।’ তিনি অভিযোগ করেন, দলের নেতা-কর্মীদের মধ্যে ত্রাস সৃষ্টি করতে সরকার পুলিশ দিয়ে জামায়াতের কার্যালয়ে তল্লাশি চালিয়েছে। জামায়াতের ঢাকা মহানগরের ভারপ্রাপ্ত আমির এম হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জামায়াতের সহকারী সেক্রটারি জেনারেল মুজিবুর রহমান, পেশাজীবী ফোরামের সভাপতি এ এফ এম সোলায়মান চৌধুরী, মহানগরের ভারপ্রাপ্ত সেক্রেটারি নূরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।