অরক্ষিত রমনা পার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাটিতে এবড়োখেবড়ো অবস্থায় পড়ে আছে লোহার রেলিং। কিছু রেলিং ঝুলে আছে দেয়ালের সঙ্গে, বাঁকা অবস্থায়। এত দিন রেলিংগুলোকে ধরে রেখেছিল যে কংক্রিটের স্তম্ভগুলো, তা-ও চুরমার।রাজধানীর মৎস্য ভবনসংলগ্ন সড়ক ধরে কাকরাইল হয়ে রূপসী বাংলার পেছনে সড়কে যেতে রমনা পার্কের দিকে তাকালেই এমন দৃশ্য যে কারও চোখে পড়বে। গত শুক্রবার শাহবাগের গণজাগরণ মঞ্চে হামলা চালানোর জন্য রমনা পার্কের নিচু সীমানা দেয়ালের ওপর থাকা লোহার রেলিং ভেঙে রমনা পার্কে ঢুকেছিলেন হেফাজতে ইসলাম নামধারী কর্মীরা।রমনা পার্কের দায়িত্বে থাকা আনসার সদস্যরা বলেন, শনিবার মতিঝিলের মহাসমাবেশ শেষ হওয়ার পর হেফাজত নামধারী কর্মীরা মৎস্য ভবনসংলগ্ন রমনা পার্কের দিকে আসতে থাকেন। কিছু বুঝে ওঠার আগেই সবাই ধাক্কা দিয়ে পার্কের নিচু সীমানা দেয়ালের ওপর স্থাপিত লোহার রেলিংগুলোতে সজোরে ধাক্কা দিতে থাকেন। কয়েক ধাক্কায় লোহার রেলিং, স্তম্ভ ও সীমানাদেয়াল ভেঙে যায়। হুড়মুড় করে রমনা পার্কে ঢুকে পড়েন হেফাজতের কর্মীরা। তাঁরা দৌড়ে শাহবাগ এলাকার দিকে গিয়ে গণজাগরণ মঞ্চে হামলার চেষ্টা করেন। কিন্তু গণজাগরণ মঞ্চের কর্মীরা প্রতিরোধ গড়ে তুললে তাঁরা আবার দৌড়ে পার্কের ভাঙা অংশ দিয়ে বের হয়ে যান।আনসার সদস্যরা বলেন, পার্কে মোট সাতটি ফটক। প্রতিদিন ভোর ছয়টা থেকে রাত ১০টা পর্যন্ত ফটকগুলো খোলা থাকে। কিন্তু হরতালের সময় পুলিশ এসে ফটকগুলোতে তালা ঝুলিয়ে বন্ধ করে দিয়ে যায়। শনিবারও ফটকগুলোতে তালা দেওয়া ছিল। হামলাকারীরা প্রথমে মৎস্য ভবনসংলগ্ন ফটকসহ কয়েকটি ফটক দিয়ে ঢোকার চেষ্টা করেন। প্রথমে তালা ভাঙার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর ধাক্কা দিয়ে তা ভাঙার চেষ্টা করেন। শেষমেশ না পেরে লোহার রেলিংগুলো ভাঙা শুরু করেন তাঁরা। পার্কের সীমানা দেয়াল ও লোহার রেলিংগুলোর গঠন বেশ দুর্বল বলে কয়েক ধাক্কায় ভেঙে গেছে বলে মনে করছেন আনসার সদস্যরা। আনসার সদস্য মুসলিম মিয়া প্রথম আলোকে বলেন, ‘পার্কে আমরা ৩৫ জন আনসার সদস্য কাজ করি। হাজার হাজার হুজুর দেইখা সবাই ক্যাম্পে ঢুইকা যাই। থাকলে তো ভাই পিটানি খাইতে হইত।’ তিনি বলেন, ‘পুলিশ মারছে তালা, মাইর খামু আমরা?’কয়েকজন আনসার সদস্য জানান, ঘটনার সময় ওই এলাকায় পর্যাপ্ত পুলিশ ছিল না। যে কয়েকজন ছিলেন, নীরব দর্শক হওয়া ছাড়া তাঁদের কোনো উপায় ছিল না।জানতে চাইলে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম প্রথম আলোকে বলেন, ‘আমরা হামলা ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করেছি।’গতকাল রোববার রমনা পার্কে গিয়ে দেখা যায়, তছনছ অবস্থায় পড়ে আছে সীমানা দেয়ালের রেলিংগুলো। দেয়ালগুলোও ভাঙা। সকালের দিকে সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা ঘুরে দেখে গেছেন বলে জানান আনসার সদস্যরা। তবে মেরামতের কোনো উদ্যোগ দেখা যায়নি। পার্কে ঘুরতে আসা কয়েকজন বলেন, এতে তো একদিকে পার্ক অরক্ষিত হয়েছে, অন্যদিকে সৌন্দর্যও হয়েছে বিলীন। কিন্তু এগুলো দ্রুত মেরামতের জন্য কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই। রমনা পার্কের তত্ত্বাবধায়ক গণপূর্ত বিভাগের (পিডব্লিউডি) কার্য-সহকারী শামসুল ইসলাম বলেন, আজ সোমবার থেকে মেরামতের কাজ শুরু হবে।