অরচার্ড পয়েন্টে পিঠা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ধানমন্ডির অরচার্ড পয়েন্টে পিঠা উৎ​সব চলছে৷ গতকাল ১৫ দিনব্যাপী এই পিঠা উৎ​সবের উদ্বোধন করা হয় l প্রথম আলো
রাজধানীর ধানমন্ডির অরচার্ড পয়েন্টে পিঠা উৎ​সব চলছে৷ গতকাল ১৫ দিনব্যাপী এই পিঠা উৎ​সবের উদ্বোধন করা হয় l প্রথম আলো

পৌষ প্রায় শেষ হয়ে এল। রাজধানীতে এবার শীতের প্রভাব তেমন তীব্রভাবে পড়েনি। শীত প্রবল না হলেও শীতের আয়োজনের কমতি নেই। বরাবরই এ দেশে শীতকাল উৎসবের মৌসুম হিসেবে খ্যাত। নগরজীবনেও সেই উৎসবের আয়োজন চলছে। নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। তার সঙ্গে শীতের ঐতিহ্যবাহী সুস্বাদু পিঠাপুলির আয়োজন নগরজীবনে শীতের আমেজকে উপভোগ্য করে তুলেছে।
ঢাকায় হেমন্তের শুরু থেকেই ভাপা, চিতই—এসব পিঠার দেখা-সাক্ষাৎ মিলতে শুরু করেছিল পথের ধারের অস্থায়ী পসরাগুলোতে। পাড়া-মহল্লার গলির মোড়ে, কাঁচাবাজারের সামনে, অফিস পাড়ার ফুটপাতে, টিএসসি এলাকায় অস্থায়ী চায়ের দোকানের পাশাপাশি বসেছে পিঠার দোকান। এসব অস্থায়ী দোকানে সাধারণত ভাপা, চিতই আর তেলের পিঠা তৈরি ও বিক্রি হয়ে থাকে। ক্রেতাও প্রচুর। নারকেল কুচি আর নতুন খেজুরের গুড়সহযোগে তৈরি ভাপা, সরিষা বাটার সঙ্গে চিতই বা তেলের পিঠা বিকেলের হালকা খাবার হিসেবে শীত মৌসুমে অতুলনীয়।
শীতের প্রভাব বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন রেস্তোরাঁ ও হালকা খাবারের দোকানগুলোতেও পিঠা তৈরি ও বিক্রির আয়োজন শুরু হয়েছে। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনও প্রায়ই মহানগরে পিঠা উৎসব করছে। তারই ধারাবাহিকতায় গতকাল বুধবার থেকে ধানমন্ডির অরচার্ড পয়েন্টে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী পিঠা উৎসব। প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত উৎসব চলবে।
ব্যস্ত বাণিজ্যিক ভবনে পিঠা উৎসব খানিকটা ব্যতিক্রম। তবে কেনাকাটা করতে এসে সুস্বাদু পিঠার স্বাদ নিতে আগ্রহী হয়ে উঠছেন অনেকেই। মূলত এই ভাবনা থেকেই পিঠা উৎসবের আয়োজন করেছেন এই মার্কেটের ব্যবসায়ীরা। পিঠা উৎসব কমিটির উদ্যোক্তা ও মার্কেটের ব্যবসায়ী সমিতির সদস্য আঞ্জুমান আরা ইসলাম জানালেন, শীত উপলক্ষে মার্কেটে বিশেষ মূল্যছাড় চলছে। সাধারণত বিকেল থেকেই মার্কেটে ক্রেতাদের উপস্থিতি বেশি থাকে। বিকেলে কেনাকাটা করতে আসা ক্রেতাদের হালকা খাবার হিসেবে পিঠার স্বাদ নেওয়ার সুযোগ করে দিতেই এই আয়োজন করা হয়েছে। এর পাশাপাশি ক্ষুদ্র নারী উদ্যোক্তারাও কিছুটা উপকৃত হচ্ছেন। অংশগ্রহণকারীদের কাছে জায়গার ভাড়া হিসেবে কোনো অর্থ নেওয়া হচ্ছে না। কুড়ি জন নারী উদ্যোক্তা এই পিঠা উৎসবে রকমারি পিঠার সম্ভার নিয়ে অংশ নিয়েছেন বলে তিনি জানান। বেলা তিনটায় অভিনয়শিল্পী লাকী ইনাম ও সংগীতশিল্পী ফেরদৌস আরা এই পিঠা উৎসবের উদ্বোধন করেন।