মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, তথ্যের কোনো স্বাধীনতা নেই। অর্থ, রাজনীতি ও প্রভাবশালী ব্যক্তিদের কাছে তথ্য বন্দী। সাক্ষী সুরক্ষা আইন ও তথ্য প্রদানকারী ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত তথ্য অধিকার আইন বাস্তবায়িত হবে না।গতকাল সোম-বার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘তথ্যের স্বাধীনতা ও তথ্যের দায়বদ্ধতা’ শীর্ষক এক সেমিনারে মিজানুর রহমান এসব কথা বলেন। এবিনিউজ টোয়েন্টিফোর ডটকম নামের নিউজ পোর্টালের পূর্ণাঙ্গ সম্প্রচার উপলক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়।মিজানুর রহমান আরও বলেন, তথ্যের অভিগম্যতা নিশ্চিত করতে হবে। কিন্তু সরকার জনগণকে তথ্য জানাতে চায় না। কারণ মানুষ তথ্য জেনে গেলে তাদের আর মানবে না।তথ্যের ক্ষেত্রে একটি নীরব বিপ্লব ঘটে গেছে দাবি করে প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির বলেন, মানবাধিকার সংরক্ষণ করতে না পারলে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তথ্য অধিকার আইনের মাধ্যমে জবাবদিহি সম্ভব। কিন্তু ভুল তথ্য সরবরাহে সমাজে বিশৃঙ্খলা ও সংঘর্ষ ঘটতে পারে।সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তথ্য কমিশনার সাদেকা হালিম বলেন, তথ্যের স্বাধীনতা মানে তথ্যের অবাধ প্রবাহ। তথ্য অধিকার আইন যেমন তথ্যের স্বাধীনতা নিশ্চিত করে, তেমনি এর দায়বদ্ধতার ক্ষেত্র স্পষ্ট করে। তবে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের ক্ষেত্রেও এই নীতিমালা প্রয়োজন বলে তিনি মনে করেন।এফবিসিসি-আইয়ের সাবেক সভাপতি আনিসুল হক বলেন, তথ্য অধিকার আইন থাকলেও তথ্য পেতে অনেক প্রতিবন্ধকতা আছে। কারণ আইনে ২০টি ক্ষেত্রে তথ্য কমিশন তথ্য দিতে বাধ্য নয়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক শেখ হাফিজুর রহমান বলেন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় তথ্যের স্বাধীনতা ও দায়বদ্ধতা প্রয়োজন। গণমাধ্যমকে তথ্য দেওয়ার ক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতা পালনের আহ্বান জানান তিনি।সেমিনারে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস, উপস্থাপক আব্দুন নূর তুষার প্রমুখ।