অর্থ আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তার স্ত্রীর দণ্ড
অর্থ আত্মসাতের অভিযোগে এক ব্যাংক কর্মকর্তার স্ত্রীকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ আবদুল মজিদ এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আদালত তাঁকে ৬০ হাজার টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্ত আসামি হলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চাকরিচ্যুত ভাইস প্রেসিডেন্ট সিরাজুল ইসলামের স্ত্রী শাহানুর বেগম। এক কোটি ৩৯ লাখ ৩১ হাজার টাকা আত্মসাতের অভিযোগে শাহানুর বেগমকে আসামি করে ইসলামী ব্যাংক মতিঝিল থানায় এ মামলা করে। অভিযোগে বলা হয়, ১৯৮৮ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত উত্স কর, যমুনা লেভি ফান্ড, ইনকাম ট্যাক্স, সার চার্জ ইত্যাদি বাবদ এক কোটি ৯০ লাখ টাকা ব্যাংকের প্রধান কার্যালয়ে না পাঠিয়ে ভুয়া অ্যাকাউন্টে জমা করেন। এরপর তিনি সেই টাকা আত্মসাত্ করেন। ১৯৯৮ সালের ১ এপ্রিল সিরাজুল ইসলাম সাত লাখ ৪০ হাজার টাকার দুটি ভুয়া ভাউচার তৈরি করে হাতেনাতে ধরা পড়েন। পরে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এই অভিযোগে সিরাজুল ইসলামের বিরুদ্ধে পৃথক মামলা করা হয়। ২০০৪ সালের ২৩ নভেম্বর সিরাজুল ইসলাম মারা যান। এ কারণে তাঁর স্ত্রী শাহানুর বেগমের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।