অর্থ আত্মসাতের মামলায় ব্যাংক কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

ব্র্যাক ব্যাংকের ৭৬ লাখ টাকা আত্মসাৎ করার দায়ে ব্যাংকটির সাবেক কর্মকর্তা আবুল হাসনাতকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৯–এর বিচারক শেখ হাফিজুর রহমান রোববার এ রায় দেন।

প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন দুদকের পিপি রফিকুল ইসলাম। রায় ঘোষণার পর আবুল হাসনাতকে কারাগারে পাঠানো হয়।

আদালত–সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্র্যাক ব্যাংকের ৭৬ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে আবুল হাসনাতের বিরুদ্ধে ২০১৪ সালের ২২ আগস্ট রাজধানীর গুলশান থানায় মামলা হয়। মামলাটি তদন্ত করে ২০১৯ সালের ১৫ মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক।

মামলার নথি অনুযায়ী, ২০১৩ সালে ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে কর্মরত থাকার সময় আবুল হাসনাত জালিয়াতির মাধ্যমে তাঁর স্ত্রী ও আরেক আত্মীয়ের ব্যাংক হিসাবে ৭৬ লাখ টাকা হস্তান্তর করেন।

কৌঁসুলি রফিকুল ইসলাম বলেন, আবুল হাসনাতের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে দণ্ডিত করেছেন।