বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) আয়োজিত যৌথ সমাবেশে বক্তারা সোনালী ব্যাংকের অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত ও তাঁদের সহযোগীদের গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন। তাঁরা বলেন, এক মুহূর্ত সময় না দিয়ে এসব লুটেরাকে এখনই আইনের হাতে সোপর্দ ও সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে।গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে তাঁরা এসব কথা বলেন। বাসদ নেতা জুলফিকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন মনজুরুল আহসান খান, খালেকুজ্জামান, রুহিন হোসেন প্রিন্স, বজলুর রশীদ, আহসান হাবিব প্রমুখ।সমাবেশে নেতারা বলেন, সোনালী ব্যাংকের কর্মকর্তাদের বরখাস্ত করাই যথেষ্ট নয়, এঁদের গ্রেপ্তার করতে হবে। ব্যাংক পরিচালনা পরিষদ এর দায় এড়াতে পারে না উল্লেখ করে তাঁরা বলেন, এঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। তাঁরা বলেন, শেয়ারবাজারসহ আগে সংঘটিত দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িতদের শাস্তি হলে দুর্নীতির এত বড় ঘটনা ঘটত না।নেতারা বলেন, মুক্তবাজারের নামে লুটপাটের অর্থনৈতিক ব্যবস্থা রাজনীতিকে লুটপাটতন্ত্রের মধ্যে নিয়ে গেছে। বর্তমান ও অতীতের ক্ষমতাসীনেরা এদের পাহারাদারের দায়িত্ব পালন করে চলেছে। এদের ছত্রছায়ায় এসব অপরাধ সংঘটিত হচ্ছে। পরে সিপিবি ও বাসদ মিছিল বের করে।