অর্থনৈতিক উন্নতি হলেই অপুষ্টি সমস্যার সমাধান হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগত যেকোনো সময়ের তুলনায় ১৯৯০ থেকে ২০১১ পর্যন্ত দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বেশি ছিল। তবে এ সময়ে পুষ্টি-পরিস্থিতির উন্নতি সে হারে হয়নি। বাংলাদেশের পুষ্টি-পরিস্থিতি কিছু ক্ষেত্রে আফ্রিকার সাব-সাহারা এলাকার দেশগুলোর চেয়েও খারাপ। গতকাল বুধবার রাজধানীর ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত বাংলাদেশের পুষ্টি-পরিস্থিতি ও ব্র্যাকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাজের মূল্যায়ন নিয়ে এক আলোচনা সভায় মূল বক্তব্যে এসব কথা বলা হয়। ব্র্যাকের গবেষণা ও মূল্যায়ন বিভাগ এ সভার আয়োজন করে। সভায় বিশেষজ্ঞরা দেশের মাতৃ ও শিশুপুষ্টির উন্নতির জন্য খাদ্যাভাস, পুষ্টিকর খাদ্য সম্পর্কে সচেতনতার অভাব ও পরিবেশদূষণকে দায়ী করেন। তাঁরা বলেন, খাদ্যনিরাপত্তাকে শুধু ধানের উৎপাদন বৃদ্ধি দিয়ে বিবেচনা করলে চলবে না; প্রকৃত খাদ্যনিরাপত্তা অর্জন করতে হলে মাছ, মাংস, সবজি, দুধ ও ডিমের মতো পুষ্টিকর খাদ্য উৎপাদন বাড়ানোর দিকে নজর দিতে হবে। সভায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) পুষ্টি ও খাদ্যনিরাপত্তা বিভাগের পরিচালক তাহমিদ আহমেদ বলেন, পরিবেশগত বিপর্যয়ের কারণেও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত হচ্ছে না। রাজধানীর চারপাশের চারটি নদীর দূষণের চিত্র তুলে ধরে তিনি বলেন, এসব নদীতে রাজধানীর ৮৫ শতাংশ বর্জ্য ফেলা হয়। নদীতে মাছসহ নানা ধরনের যে জৈব উপাদান ছিল, তার বেশির ভাগই ধ্বংস হয়ে গেছে। ব্র্যাকের গবেষণা বিভাগের পরিচালক ডব্লিউ এম এইচ জেইম বলেন, ‘এত দিন আমরা শুধু খাদ্যের সহজপ্রাপ্যতার দিকে নজর দিয়েছি। কিন্তু পুষ্টিকর খাদ্যের বিষয়টিকে গুরুত্ব দিইনি।’ মা ও শিশুদের অপুষ্টির নেতিবাচক প্রভাব বংশপরম্পরায় পড়ে—এ কথা উল্লেখ করে তিনি বলেন, অপুষ্টি সমস্যার সমাধানে সরকারের অনেক নীতি ও উদ্যোগের সঠিক বাস্তবায়ন হচ্ছে না। পুষ্টি নিয়ে কাজ করা বেসরকারি সংস্থাগুলোকে সরকারি উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি। মূল উপস্থাপনায় ব্র্যাক গবেষণা বিভাগের বর্ণালী চক্রবর্তী বলেন, জাতীয় পুষ্টি প্রকল্প বন্ধ করে দিয়ে সরকারি সংস্থাগুলোর মাধ্যমে পুষ্টিসেবা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। কিন্তু এভাবে পুষ্টি-পরিস্থিতির উন্নতির সম্ভাবনা কম। তিনি বলেন, বেসরকারি সংস্থাগুলোকে সঙ্গে নিয়ে সমন্বিত উদ্যোগ নিতে হবে।