অর্থাভাবে ১৭৭ শিক্ষক বেতন-ভাতা পাচ্ছেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রেষণে থাকা ১৭৭ জন কলেজশিক্ষক গত ফেব্রুয়ারি মাসের বেতন এখনো পাননি। প্রশাসন বলছে, বিশ্ববিদ্যালয়ের বাজেটে সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য বরাদ্দ না থাকায় এমনটা হয়েছে। তবে এ জন্য কর্তৃপক্ষের অবহেলাকেই দায়ী করেছেন প্রেষণে থাকা শিক্ষকেরা।প্রশাসন সূত্র জানায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী গত অক্টোবরেই প্রেষণে থাকা শিক্ষকদের অন্যত্র বদলি হয়ে যাওয়ার কথা ছিল। এ জন্য ২০১০-১১ অর্থবছরের বাজেটে জুন থেকে অক্টোবর পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের বেতন-ভাতা বাবদ দুই কোটি টাকা বরাদ্দ রাখা হয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ে আত্তীভূত হতে দুই বছর আগে বর্তমানে প্রেষণে থাকা ১৭৭ জনসহ ১৯১ জন শিক্ষক জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫-এর ৫৬(২)(ছ) ও ৫৬(৩) ধারাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক চারটি রিট আবেদন করেন।গত বছর ১১ আগস্ট চারটি রিটই খারিজ করে দেন হাইকোর্ট। পরে আপিল করেন শিক্ষকেরা। মামলাগুলো বর্তমানে আপিল বিভাগে বিচারাধীন। এ কারণে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী প্রেষণে থাকা শিক্ষকদের অন্যত্র বদলি করতে পারছে না প্রশাসন।উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ বলেন, ‘আইনানুযায়ী তাঁদের গত অক্টোবর মাসে চলে যাওয়ার কথা। তাই স্বাভাবিক কারণেই বাজেটে অতিরিক্ত বরাদ্দ রাখা হয়নি। নতুন বরাদ্দ না পেলে বেতন-ভাতা দেওয়া সম্ভব না।’ তিনি অভিযোগ করেন, শিক্ষকেরা মামলার রায় বিলম্ব করতে বিভিন্ন উপায়ে আদালতের কাছ থেকে সময় নিচ্ছেন। ফলে সমস্যা আরও প্রকট হচ্ছে। বিশ্ববিদ্যালয় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে।প্রেষণে থাকা হিসাববিজ্ঞান বিভাগের এক সহকারী অধ্যাপক বলেন, আমরা এখন বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছি। তাই বেতন-ভাতা সময়মতো দেওয়ার দায়িত্বও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এ ক্ষেত্রে অবহেলা না করলে কোনো ঝামেলা হতো না। তিনি বলেন, ‘অধিকার আছে বলেই আমরা বিশ্ববিদ্যালয়ের আইন চ্যালেঞ্জ করে রিট করেছি।’খোঁজ নিয়ে জানা যায়, বাজেট বরাদ্দ না থাকায় গত নভেম্বরেও একবার এই শিক্ষকদের বেতন আটকে দিয়েছিল প্রশাসন। পরে অবশ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকেই শিক্ষকদের বেতন-ভাতা পরিশোধ করা হয়। অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত এই খাতে ব্যয় হয় দুই কোটি ৯০ লাখ টাকা।উপরেজিস্ট্রার শেখ রেজাউল করিম বলেন, ‘বাজেটে বরাদ্দ না থাকার পরও মোটা অঙ্কের টাকা বেতন-ভাতা দেওয়ায় বর্তমানে আর্থিক সংকট দেখা দিয়েছে। এখন নতুন করে বরাদ্দ না পেলে আমাদের বেতনই আটকে যেতে পারে।’রেজিস্ট্রার কার্যালয় সূত্র জানায়, গত জানুয়ারি মাসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়ে অর্থ বরাদ্দ চেয়েছে বিশ্ববিদ্যালয়। এ জন্য চলতি অর্থবছরে সাত কোটি ৩০ লাখ এবং পরবর্তী অর্থবছরের জন্য ১২ কোটি ৫৬ লাখ টাকা চেয়েছে প্রশাসন।সমাজবিজ্ঞান বিভাগের প্রেষণে থাকা এক সহযোগী অধ্যাপক বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছি। কিন্তু তিনি কোনো সমাধান দিতে পারেননি। উল্টো আমরা এখনো কেন বদলি হচ্ছি না সে বিষয়ে প্রশ্ন তোলেন।’তবে অভিযোগ অস্বীকার করে উপাচার্য বলেন, ‘সমস্যা সমাধানে চেষ্টা করছি। শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বিদেশ সফর থেকে ফিরলেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।’ তবে কত দিনের মধ্যে শিক্ষকদের বেতন দেওয়া সম্ভব হবে সে বিষয়ে তিনি কোনো কিছু জানাতে পারেননি।