অর্থোপেডিক সার্জারি বিভাগের জরুরি চিকিত্সা কার্যক্রম চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চালু হয়েছে অর্থোপেডিক সার্জারি বিভাগের জরুরি চিকিত্সাসেবার কার্যক্রম। বিশেষজ্ঞ চিকিত্সকের তত্ত্বাবধানে ২৪ ঘণ্টা এ বিভাগ চালু থাকবে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক গতকাল সোমবার হাসপাতালের ডি-ব্লকের নিচতলায় ১৫ শয্যার এ জরুরি সেবা ইউনিটের কার্যক্রম চালু করেন। স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক বলেন, বিএসএমএমইউতে অর্থোপেডিক চিকিত্সার ক্ষেত্রে জরুরি চিকিত্সা ব্যবস্থাপনা আগে ছিল না। অথচ হাসপাতালে সব ধরনের জরুরি চিকিত্সাসেবা নিশ্চিত করা প্রয়োজন। বিএসএমএমইউতে স্থাপিত এ জরুরি বিভাগ স্বয়ংসম্পূর্ণ। এ বিভাগের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অর্থোপেডিক বিষয়ে সব ধরনের সেবার পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য চিকিত্সাও এ হাসপাতাল থেকে পাওয়া যাবে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, সরকার সরকারি হাসপাতালগুলোতে জরুরি চিকিত্সাসেবাকে সব সময় গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে জেলা সদর হাসপাতাল পর্যন্ত জরুরি চিকিত্সার সুযোগ সম্প্রসারণে সরকার উদ্যোগ নিয়েছে। জরুরি চিকিত্সাসুবিধার সম্প্রসারণ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে।বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত বলেন, দুটি অস্ত্রোপচার কক্ষ ও প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল দিয়ে বিভাগটি সাজানো হয়েছে। এখানে সব সময় তিনজন চিকিত্সক থাকবেন। এর ফলে সাধারণ মানুষ যেমন উপকৃত হবে, তেমনি শিক্ষার্থীরাও এ বিষয়ে অনেক কিছু জানতে পারবেন। প্রাণ গোপাল দত্ত আরও বলেন, ২০০১ সালের ১৮ এপ্রিল বর্তমান ও সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সেবা ইউনিটের উদ্বোধন করেছিলেন। এরপর বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের আমলে এটি বন্ধ করে দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন বিএসএমএমইউর অর্থোপেডিক বিভাগের আনোয়ারুল ইসলাম চৌধুরী, অর্থোপেডিক বিশেষজ্ঞ নকুল কুমার দত্ত, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব শারফুদ্দিন আহমেদ প্রমুখ।