গণপরিবহন
অর্ধেক বাস চলার বিষয়ে তদারকি নেই
রাজধানীতে সকালে ও বিকেলে দাঁড়িয়ে যাত্রী যাতায়াত করেছে। কঠোর বিধিনিষেধ শেষে আবার কর্মচঞ্চল ঢাকা।
দৈনিক মোট গণপরিবহনের অর্ধেক চলার বিষয়টি তদারকির কোনো ব্যবস্থা গতকাল বুধবার দেখা যায়নি। কথা বলে জানা গেছে, অর্ধেক বাস চালানোর নির্দেশনার বিষয়টি অধিকাংশ মালিক–শ্রমিক জানেনও না। তবে কঠোর বিধিনিষেধের পর গতকাল গণপরিবহন চালুর প্রথম দিন এমনিতেই রাস্তায় বাস কিছুটা কম ছিল।
পরিবহনমালিক–শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দূরপাল্লার পথে ঢাকামুখী বাসগুলোতে যাত্রী তুলনামূলকভাবে বেশি ছিল। ঢাকা থেকে বাইরে যাওয়ার বাসে যাত্রী কিছুটা কম দেখা গেছে। এ ছাড়া দীর্ঘদিন বাস বন্ধ থাকায় কিছু পরিবহনে কারিগরি ত্রুটি দেখা দেয়। সব মিলিয়ে গতকাল সক্ষমতার ৭০–৮০ শতাংশ বাস চলেছে। অবশ্য রাজধানী ঢাকায় সকালে অফিস শুরু এবং বিকেলে ছুটির পর অনেক বাসে আসনের বেশি যাত্রী নিয়ে চলতে দেখা গেছে।
কোনো ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেনি বিআরটিসি। পুলিশেরও বাড়তি তৎপরতা চোখে পড়েনি।
রেল কর্তৃপক্ষ সক্ষমতার তিন ভাগের এক ভাগ ট্রেন চালিয়েছে। ফলে অনেক যাত্রী অনলাইন এবং কাউন্টারে টিকিট না পাওয়ার অভিযোগ করেছেন। অনেকে বাড়তি দামে কালোবাজারে টিকিট কেনার অভিযোগ করেছেন। ঢাকামুখী ট্রেনে যাত্রী বেশি ছিল। একই অবস্থা লঞ্চেও।
সূত্রগুলো বলছে, আজ বৃহস্পতিবার থেকে মানুষের ঢাকার বাইরে যাওয়ার প্রবণতা বাড়বে। কারণ, শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। রোববার জাতীয় শোক দিবসের বন্ধ। ফলে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন মানুষ। একই সঙ্গে ঢাকামুখী চাপও থাকবে।
পরিবহন খাতের শৃঙ্খলা ও নিয়ন্ত্রণের দায়িত্ব বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ)। প্রতিষ্ঠানটি সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে থাকে। তবে গতকাল প্রতিষ্ঠানটির কোনো ভ্রাম্যমাণ আদালত দেখা যায়নি। পুলিশেরও বাড়তি তৎপরতা চোখে পড়েনি।
অর্ধেক বাস চালানোর বিষয়ে মালিকপক্ষ থেকে কোনো নির্দেশনা নেই। কাজে যোগ দিয়ে আমি খুশি।আশরাফুল আলম, বাসচালক, মধুমতি পরিবহন।
গাবতলীতে দায়িত্বরত ট্রাফিক পুলিশের কর্মকর্তা বি এম সাদাত হোসেন বলেন, তাঁদের দায়িত্ব রাস্তায় যান চলাচলের বিষয়টি দেখভাল করা। এ দায়িত্ব তাঁরা পালন করছেন। অর্ধেক গণপরিবহন চলাচলের বিষয়টি সরকার ও মালিকপক্ষ দেখবে।
যাত্রাবাড়ী–সাভার পথে চলাচল করে লাব্বাইক পরিবহন। এই কোম্পানির একজন টিকিট পরিদর্শক জানান, গতকাল বিকেল পর্যন্ত ফার্মগেট এলাকা দিয়ে ৬০ বাস চলাচল করেছে। স্বাভাবিক সময়ে দিনে এই কোম্পানির বাস গড়ে ৯০ বার চলাচল করে। যাত্রীসংখ্যা খুব বেশিও না, আবার কমও না। অর্ধেক বাস চালুর বিষয়ে ওই পরিদর্শক বলেন, ‘এই বিষয়ে কিছু জানি না। যাত্রী থাকলে বাস তো আর বসে থাকবে না।’
মোহাম্মদপুর–ডেমরা পথের স্বাধীন পরিবহনের একজন চালক জানান, তাঁদের ৪০টির মতো বাসের মধ্যে ৩০–৩৫টি চলছে। কিছু কিছু বাসের মেরামত চলছে। সেগুলোও দু–এক দিনের মধ্যে রাস্তায় নামবে। রেলওয়েতে আন্তনগর, মেইল, লোকাল ও কমিউটার মিলে স্বাভাবিক সময়ে সাড়ে ৩০০ ট্রেন চলাচল করে। গতকাল থেকে ১১৪টি ট্রেন চালু করা হয়েছে। সক্ষমতার এক–তৃতীয়াংশ চালু করা গেছে। এ জন্য টিকিটের ব্যাপক চাপ আছে।
বুধবার দিনাজপুর থেকে ঢাকায় আসার জন্য অনলাইন এবং কাউন্টারে চেষ্টা করেও টিকিট সংগ্রহ করতে পারেননি রেস্তোরাঁ ব্যবসায়ী শাহজাহান মৃধা। তিনি বলেন, বৃহস্পতিবারের টিকিটও পাননি তিনি। পরে বাসের টিকিট সংগ্রহ করেছেন। রেলওয়ে সূত্র জানিয়েছে, বুধ ও বৃহস্পতিবারের সব ট্রেনের শতভাগ টিকিট বিক্রি হয়ে গেছে।
রেলের অতিরিক্ত মহাপরিচালক সরদার সাহাদাত আলী প্রথম আলোকে বলেন, কিছুদিন দেখে ট্রেন বাড়ানোর বিষয়টি তাঁরা বিবেচনা করবেন।
বিআরটিসি সূত্র জানিয়েছে, সব মিলিয়ে বিআরটিসির বাস আছে ১ হাজার ৮০০–এর মতো। স্বাভাবিক সময়ে ১ হাজার ২০০–এর মতো বাস চলাচল করে। সচল বাসের প্রায় সবই গতকাল নেমেছে। বিআরটিসির একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন বসে থাকায় কর্মীদের বেতন দেওয়াই কঠিন হয়ে পড়েছে। চালুর পর এখন বাস বসিয়ে রাখার সামর্থ্য বিআরটিসির নেই।
ঢাকার বাইরে বড় শহরগুলো থেকে আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন, প্রথম দিন যাত্রী কিছুটা কম ছিল। এ জন্য বাসও কিছুটা কম চলেছে।
কাজে ফিরতে পেরে খুশি পরিবহনশ্রমিকেরা
মো. ফখরুদ্দিন গাবতলী এক্সপ্রেস নামে একটি পরিবহনের বাসচালক। কঠোর বিধিনিষেধের মধ্যে গণপরিবহন বন্ধ থাকায় তাঁর আয়ের পথ একেবারে বন্ধ হয়ে যায়। ধার-দেনা করে সংসারের খরচ মেটাতে গিয়ে তিনি হাঁপিয়ে উঠেছেন। তবে গতকাল কঠোর বিধিনিষেধ উঠে যাওয়ায় ভোরেই তিনি বাস নিয়ে রাস্তায় নেমে পড়েন। ভোরেই যাত্রী নিয়ে গাবতলী থেকে যাত্রাবাড়ী যান। পরে সকাল ১০টার দিকে আবার গাবতলীতে ফিরে আসেন। তবে যাত্রী কম থাকায় কাঙ্ক্ষিত পরিমাণ আয় হয়নি তাঁর। তবু কাজে ফিরতে পেরে তিনি খুশি।
গতকাল সকালে গাবতলী এলাকায় আরও দুজন বাসচালক এবং তিনজন চালকের সহকারীর সঙ্গে কথা হয়। তাঁরাও জানান, বিধিনিষেধ উঠে গেলেও রাস্তায় যাত্রী অনেক কম। তবে কাজে ফিরতে পেরে তাঁদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
গাবতলী থেকে আবদুল্লাহপুরে চলাচল করা মধুমতি পরিবহনের একটি বাসের চালক আশরাফুল আলম বলেন, ‘রাস্তায় যাত্রী অনেক কম। অর্ধেক বাস চালানোর বিষয়ে মালিকপক্ষ থেকে কোনো নির্দেশনা নেই। কাজে যোগ দিয়ে আমি খুশি।’
ঢাকা আবার কর্মচঞ্চল
গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর গাবতলী, আসাদ গেট, শ্যামলী, আদাবর, তেজগাঁও, ফার্মগেট, নিউমার্কেট, পল্টন, মিরপুর, মহাখালী, বনানী, মগবাজার, কাকরাইল ও গুলিস্তান এলাকার সড়কে বিভিন্ন সিগন্যালে যানবাহনগুলোকে অপেক্ষা করতে দেখা গেছে। ট্রাফিক পুলিশের সদস্যরা বলছেন, সকালে গাড়ির চাপ কিছুটা কম ছিল, কিন্তু বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তা বেড়েছে।
শাহবাগের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী রায়হান বলেন, প্রতিটি সিগন্যালে বাস থেমেছে। সজীব সরকার নামের আরেক ব্যক্তি জানান, পুরান ঢাকা থেকে সকাল ১০টার দিকে শিকড় পরিবহনের বাসে চড়েন। বাসে আসনের অতিরিক্ত যাত্রী ছিল।
পল্টনের একটি আর্থিক প্রতিষ্ঠানের কর্মী মো. মহিউদ্দিন বলেন, বিধিনিষেধের সময়ও অফিস করেছেন। সে সময় অতিরিক্ত ভাড়া দিয়ে রিকশা, অটোরিকশা ও মোটরসাইকেলে যাতায়াত করেছেন। বাড়তি টাকা খরচ হয়েছে। এখন কিছুটা স্বস্তিতে আছেন।
ঢাকার বিভিন্ন এলাকার হোটেল ও রেস্তোরাঁগুলো পুরোপুরি খুলে দেওয়া হয়েছে। তবে ক্রেতা কম ছিল বলে জানিয়েছেন রেস্তোরাঁর কর্মীরা। বিধিনিষেধ শেষে নগরীর বিপণিবিতানগুলোও খুলেছে। সেখানেও ক্রেতাদের ভিড় কম ছিল।
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলতি বছরের ৫ এপ্রিল থেকে ধাপে ধাপে বিধিনিষেধ চলছিল। ঈদের পর ২৩ জুলাই কঠোর বিধিনিষেধ শুরু হয়ে তা ১০ আগস্ট পর্যন্ত চলে।