শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় অধিক গুরুত্বারোপ ও সম্প্রসারণের মাধ্যমেই দেশের আর্থসামাজিক অগ্রগতি ত্বরান্বিত করা সম্ভব। কারিগরি শিক্ষায় শিক্ষার্থীর হার মোট শিক্ষার্থীর ৫০ ভাগে উন্নীত করতে হবে। গতকাল শনিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) ভবনে আইডিইবি আয়োজিত ২০১০ সালে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় তিনজন মেধাবী শিক্ষার্থীকে ‘আইডিইবি জাতীয় মেধা পদক ও সংবর্ধনা’ প্রদান অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, ‘একসময় বাংলাদেশের মতো অবস্থায় থাকা মালয়েশিয়া, কোরিয়া ও জাপান কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে গুরুত্ব দিয়ে সামনে এগিয়ে গেছে।’আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল কাসেম, আইডিইবির সাধারণ সম্পাদক শামসুর রহমান প্রমুখ।জাতীয় দারিদ্র্য বিমোচন কৌশলপত্রে ২০২০ সালের মধ্যে মাধ্যমিক পর্যায়ের মোট শিক্ষার্থীর ২০ শতাংশ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।