অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন দ্রুত বাস্তবায়নের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) আইন, ২০১১ কার্যকর হওয়ার ১৫০ দিনের মধ্যে সরকারের বিধিমালা তৈরির কথা ছিল। ‘ক’ ও ‘খ’ তফসিলে বর্ণিত অর্পিত সম্পত্তির মৌজাভিত্তিক জেলাওয়ারি তালিকা প্রস্তুত করে সরকারি গেজেট প্রকাশ করার কথা থাকলেও তা এখনো হয়নি। তাই আইনটি বাস্তবায়নের স্বার্থে অতি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তিদের হস্তক্ষেপ কামনা করেছেন দেশের আটটি মানবাধিকার ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা। গতকাল বুধবার তাঁরা এ বিষয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছেন। বিবৃতিদানকারী মানবাধিকার ও নাগরিক সংগঠনগুলো হলো: আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, এএলআরডি, অর্পিত সম্পত্তি আইন প্রতিরোধ আন্দোলন, নিজেরা করি, সম্মিলিত সামাজিক আন্দোলন, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এবং এইচডিআরসি। যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির, এইচডিআরসির অবৈতনিক উপদেষ্টা আবুল বারকাত, ব্লাস্টের অনারারি পরিচালক সারা হোসেন, অর্পিত সম্পত্তি আইন প্রতিরোধ আন্দোলনের সভাপতি কামাল লোহানী প্রমুখ। তাঁরা এ আইন বাস্তবায়নে আইনের বিধিমালা তৈরিসহ মোট ছয়টি পদক্ষেপ নেওয়ার জন্য সুপারিশ করেছেন।গত বছরের ২৮ নভেম্বর জাতীয় সংসদে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) বিলটি পাস হয়। পরে ১১ ডিসেম্বর আইনটির গেজেট প্রকাশ হয়। বিবৃতিতে প্রতিনিধিরা বলেন, আইনে নির্ধারিত সময়ের মধ্যে গেজেট প্রকাশিত না হলে আইন বাস্তবায়নের গোটা প্রক্রিয়া বিলম্বিত ও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হবে। আইনের অপপ্রয়োগের শিকার হয়ে সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত লাখ লাখ পরিবারের নির্যাতন ও হয়রানির মাত্রা আরও দীর্ঘায়িত হবে। ৪৫ বছর ধরে আইনের অপপ্রয়োগের শিকার মানুষগুলোর পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বানও জানিয়েছেন প্রতিনিধিরা। বিজ্ঞপ্তি।