অর্পিত সম্পত্তি প্রত্যর্পণে আবেদনের সময় বাড়ানোর অধ্যাদেশ জারি হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রিসভার অনুমোদন অনুযায়ী অর্পিত সম্পত্তি প্রত্যর্পণের আবেদনের সময়সীমা বাড়ানোর অধ্যাদেশ কয়েক দিনের মধ্যে জারি করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। গতকাল বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে মানবাধিকার সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।আইনমন্ত্রী বলেন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনটি একটি বিশেষ আইন। এই আইন বাস্তবায়নে জেলা পর্যায়ে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এ বিষয়ে আবেদনের জন্য মন্ত্রিসভার অনুমোদিত সময়সীমা বাড়ানোর সংশোধনী কয়েক দিনের মধ্যেই অধ্যাদেশ আকারে জারি করা হবে। সরকার অর্পিত সম্পত্তি-সংক্রান্ত সমস্যার ন্যায়ভিত্তিক সমাধান এবং বঞ্চিত মানুষের কষ্ট লাঘবে দৃঢ়প্রতিজ্ঞ।প্রতিনিধিদলের সদস্যরা মন্ত্রীকে জানান, অর্পিত সম্পত্তির ‘ক’ তালিকার গেজেট প্রকাশের পরও অনেক উপজেলায় গেজেট প্রাপ্তিতে বিলম্ব ঘটে। ট্রাইব্যুনাল বরাবর ক্ষতিগ্রস্ত মানুষের আবেদনের জন্য গেজেট প্রকাশ থেকে ১২০ দিনের সময়সীমাও পেরিয়ে গেছে। এই সময়সীমা বাড়িয়ে ৩০০ দিন করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। কিন্তু ওই সিদ্ধান্তের পরও সময় বাড়ানোর বিষয়টি অধ্যাদেশ আকারে প্রকাশিত না হওয়ায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা উত্কণ্ঠায় দিন কাটাচ্ছেন।প্রতিনিধিদলে ছিলেন অর্পিত সম্পত্তি আইন প্রতিরোধ আন্দোলনের সভাপতি কামাল লোহানী, সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক শামসুল হুদা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য কাজল দেবনাথ, ব্লাস্টের আইন উপদেষ্টা এস এম রেজাউল করিম প্রমুখ।